Anubrata Mondal: 'দিদির পাশে সবসময় আছি', বোলপুরের পথে রওনা হয়ে বার্তা কেষ্টর, রাস্তার দুধারে উচ্ছ্বাস কর্মীদের
কাকভোরে কলকাতা পৌঁছেই আর সময় নষ্ট করেননি। সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন বোলপুরের পথে। ২ বছর নিজের ডেরার বাইরে অনুব্রত মণ্ডল। তাই বোলপুর যেন টানছে তাঁকে। জেল থেকে ছাড়া পেয়েই মেয়েকে নিয়ে রওনা হয়েছেন বোলপুরের পথে। তালিতে রেলের লেভেল ক্রসিংয়ে থমকে গিয়েছিল তাঁর গাড়ি।
কেষ্ট ফিরছেন গড়ে খবর ছিল আগে থেকেই রাস্তার দুই ধারে দলীয় কর্মীরা জামায়েত করে স্লোগান দিতে থাকেন। রাজ্য পুলিশের কনভয় সঙ্গে নিয়েই পুরনো মেজাজেই গড়ে ফিরছেন বীরভূমের বাঘ। পথে সাংবাদিকদের প্রশ্নের মুখে জানিয়েছেন আইনের উপরে আস্থা আছে তাঁর। আইন মানুষের জন্যই। সেই সঙ্গে তিনি জানাতে ভোলেননি যে দিদির পাশে তিনি সবসময় আছেন।

নিজভূমে ফিরছেন অনুব্রত মণ্ডল। জামিন পাওয়ার খবর পেয়েই বোলপুরে তাঁর অনুগামীরা উদজ্জীবিত হয়ে উঠেছিলেন। ঝাড়পোছ করা হচ্ছিল তাঁর নীচুপট্টির বাড়ি। ২ বছর যে বাড়ি এক কথায় শুনশান হয়ে পড়েছিল। সেই বাড়ি হঠাৎ করে প্রাণ ফিরে পেয়েছে। গতকাল থেকেই তাঁর বাড়ির সামনে জমায়েত বাড়ছে। অনুব্রত মণ্ডল বাড়ি ফিরছেন শুনে মঙ্গলবার সকাল থেকেই তাঁর বাড়ির সামনে জমায়েত হতে শুরু করেছে।
গতকাল প্রায় রাত ১০টা নাগাদ তিহাড় জেল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। সেখানে তাঁকে নিতে গিয়েছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। কয়েকদিন আগে তিনিও ছাড়া পেয়েছেন জেল থেকে। তারপরে আর মুহূর্ত দেরি করেননি অনুব্রত মণ্ডল। সঙ্গে সঙ্গে রাতের বিমানেই কলকাতায় ফিরে আসেন কেষ্ট। কাকভোরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন অনুব্রত মণ্ডল। সেখান থেকে সরাসরি গাড়িতে বোলপুরের উদ্দেশ্যে পাড়ি দেন বীরভূমের বেতাজ বাদশা।
মেয়ে সুকন্যাকে নিয়ে বোলপুরের পথে রওনা হয়ে যান তিনি। রাজ্যপুলিশের কনভয় তাঁকে এক প্রকার এসকর্ট করে নিয়ে যান। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বীরের সম্মানে কেষ্টকে তিনি ফিরিয়ে আনবেন। সেই বীরের মতোই ২ বছর পর জেল থেকে ছাড়া পেয়ে কলকাতায় ফিরছেন অনুব্রত মণ্ডল।
অনুব্রত মণ্ডল সাংবাদিকদের বলেছেন এখনও শরীর তার ভাল নেই। পায়ে কোমরে ব্যাথা রয়েছে। তিহাড় জেলে থাকাকালীনই একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ওজন কমে গিয়েছে ৩০ কেজি। এখন অনেকটাই রোগা হয়ে গিয়েছেন। ঘটনাচক্রে আজই বোলপুরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির উপরে আস্থা তাঁর আজও আছে। দিদির পাশে রয়েছেন বলে জানিয়েছেন কেষ্ট। সেই সঙ্গে তিনি বলেছেন দিদি চাইলে দেখা হবে।












Click it and Unblock the Notifications