Anubrata Mondal: বীরের মতোই বোলপুরে ফিরলেন কেষ্ট, পুস্পবৃষ্টি-আবির খেলে নেতাকে স্বাগত জানালেন অনুগামীরা
দলনেত্রী বলেছিলেন বীরের মতো ফিরিয়ে আনবেন অনুব্রত মণ্ডলকে। ২ বছর পর জেল থেকে ছাড়া পেয়ে কার্যত বীরের মতোই বোলপুরে ফিরলেন অনুব্রত মণ্ডল। পুস্পবৃষ্টি করে স্বাগত জানানো হল তৃণমূল জেলা সভাপতিকে। সবুজ আবির খেললেন দলীয় কর্মী সমর্থকরা। নীচুপট্টির বাড়ি ২ বছর পর ফিরল পুরনো ছন্দে।
দিল্লি থেকে কলকাতায় পা রাখতেই কেষ্টর নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয় রাজ্যপুলিশ। কার্যত রাজ্য পুলিশের কনভয় তাঁকে বোলপুরে নিয়ে যায়। বোলপুর জুড়ে এখন প্রবল উচ্ছ্বাস। উৎসবের মেজাজে রয়েছেন কেষ্টর অনুগামীরা। সকাল থেকেই অনুব্রত মণ্ডলের নীচুপট্টির বাড়ির সামনে উৎসব চলছে।

বোলপুরে ঢোকার পর প্রায় ১ কিলোমিটার রাস্তা মিছিল করে অনুব্রত মণ্ডলকে নিয়ে নীচুপট্টির বাড়িতে ফেরেন দলীয় কর্মী সমর্থকরা। কার্যত বীরের অভ্যর্থনাতেই তাঁকে ফিরিয়ে আনা হল। বাড়িতে ঢুকেই তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। গোটা রাজ্যের মানুষ তাঁকে ভালোবাসেন।
প্রায় ২ বছর পর ফের বোলপুর মুখরিত হল অনুব্রত মণ্ডলের নামের স্লোগানে। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নীচুপট্টির বাড়ির সামনে অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী হাজির হয়ে গিয়েছিলেন। তাঁরা স্লোগান দিতে শুরু করেন। অনেকদিন পর ফের পুরনো মেজাজে ফিরল নীচুপট্টির বাড়ি।
আজ বোলপুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে সেদিনই বোলপুরে ফিরলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তবে আজই কি দিদির সঙ্গে দেখা করবেন অনুব্রত মণ্ডল। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি বারবার বলেছেন দিদিকে ভালোবাসি। সবসময় দিদির পাশে আছি। কেষ্ট জানিয়েছেন আইনকে তিনি সম্মান করেন। এবং আইনে মানুষের জন্য।
সেই সঙ্গে অনুব্রত মণ্ডল জানিয়েছেন তাঁর শরীর একেবারেই ভাল নেই। পায়ে এবং কোমরে ব্যাথা রয়েছে। ২ বছর আগে যে কেষ্ট মণ্ডল বোলপুর ছেড়ে গিয়েছিলেন তার চেহারা আজকের চেহারায় বিস্তর ফারাক রয়েছে। প্রায় ৩০ কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের। তিহাড় জেলে থাকাকালীন একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে তাঁকে ঘিরে যে উচ্ছ্বাস সেটা চোখে পড়ার মতো ছিল।












Click it and Unblock the Notifications