শাহি সভায় ডাক পাননি, উল্টে অহেতুক সহানুভূতিতে বিড়ম্বনায় অনুপম
রাজ্য বিজেপিতে তিনি এই সময় বিতর্কিত চরিত্র। ধর্মতলায় অমিত শাহের সভাতে ডাক পাননি তিনি। এদিকে তাঁর বিড়ম্বনারও শেষ নেই। ভেঙে না পড়ার মেসেজ আসছে ফোন ও সোশ্যাল একাউন্টে। বাধ্য হয়ে তিনি সামনে এনেছেন বিষয়টি। রায় ও হাজরা পদবির মধ্যে পার্থক্য রয়েছে। তা বোঝানোর চেষ্টা করেছেন অনুপম।
একজন বাংলার অন্যতম পরিচিত গায়ক ও সুরকার অনুপম রায়। অন্যজন রাজনৈতিক ব্যক্তিত্ব অনুপম হাজরা। দুই অনুপম মিলে গিয়েছে নামের ক্ষেত্রে ঠিকই। কিন্তু রায় ও হাজরা গুলিয়ে ঘেঁটে ঘ হয়ে গিয়েছে। আর সেখানেই তুমুল বিড়ম্বনায় পড়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। লোকজন তাকে একের পর এক মেসেজ করছেন। ভেঙে না পড়া, পাশে থাকার বার্তা দিচ্ছেন অনেকেই।

বিজেপি দলের মধ্যে তিনি এখন বিদ্রোহী, বিতর্কিত। ভেঙে তিনি মোটেও পড়েননি। তাহলে এই ধরনের কথাবার্তা কীসের জন্য? এই বক্তব্য অনুপম হাজরা নিজেই খোলসা করেছেন। সমস্যা হয়েছে বোঝার ক্ষেত্রে। অতি সম্প্রতি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে জড়িয়েছেন পিয়া চক্রবর্তী। এর আগে পিয়া ও অনুপম রায় আগে স্বামী - স্ত্রী সম্পর্কে ছিলেন। বেশ কয়েক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল।
পরম ও পিয়ার এই বিয়ে ভার্চুয়াল দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দেয়। এই বিয়ে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য ছড়াচ্ছে। কেউ অনুপম রায়ের পক্ষে মতামত দিচ্ছেন। অনেকেই নব দম্পতিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। তার মধ্যেই রীতিমতো বিড়ম্বনায় পড়েছেন অনুপম হাজরা। অনুপম রায়কে সমবেদনা জানাতে গিয়ে অনুপম হাজরাকে সেই বার্তা পাঠানো হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে তিনি লিখেছেন, 'আগামী দু-তিন দিন সোশ্যাল মিডিয়াতে "অনুপম" - কে নিয়ে কেউ কোনো পোস্ট করলে, দয়া করে "হাজরা" না "রায়" একটু উল্লেখ করবেন। কারণ, গতকাল থেকে অকারণে "সহানুভূতিমূলক মেসেজ" পেয়েই চলেছি!!!' এই ঘটনায় নেটিজেনরা রীতিমতো হেসে কুটিপাটি।
সংবাদ মাধ্যমে সামনেও অনুপম হাজরা এই বিষয়ে বক্তব্য রেখেছেন। তাঁর নিজের এখনও ঠিকঠাক একটা বিয়ে হয়নি। তার মধ্যেই এই ধরনের মেসেজ আসছে। ভেঙে পড়ার কোনও প্রশ্নই উঠছে না এই মুহূর্তে। সাংবাদিকরা তাঁকে বিয়ের বিষয়ে প্রশ্ন করেছিলেন। সেই ভাবনা-চিন্তা তিনি উড়িয়ে দিয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এখন অন্যতম ভাবনার বিষয়। পরিষ্কার জানিয়েছেন অনুপম।












Click it and Unblock the Notifications