'একাধিক লাশ গায়েব করা হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে', বগটুইয়ে পৌঁছেই বিস্ফোরক অধীর
'একাধিক লাশ গায়েব করা হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে', বগটুইয়ে পৌঁছেই বিস্ফোরক অধীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই গ্রাম থেকে বেরিয়ে আসার পরেই সেখানে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে প্রকাশ্যেই তিনি অভিযোগ করেছেন, একাধিক লাশ গায়েব করা হয়েছে। মানুষকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য বগটুই গ্রামে পৌঁছনোর আগে একাধিকবার অধীর চৌধুরীর গাড়ি আটকানো হয়েছে। শেষে শ্রীনিকেতন রোডে অবরোধে বসেছিলেন প্রদেশ কংগ্রস সভাপতি।

মানুষকে বিভ্রান্ত করছেন মমতা
বগটুই গ্রামে পৌঁছে পুলিশকে একের পর এক কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন বগটুই গ্রামের ঘটনা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। সেকারণে গ্রামে এসে বড় বড় কথা বলছেন। এতদিন পুলিশ প্রশাসন কি করছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন এই ঘটনার নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে। সেকারণে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।

লাশ গায়েবের অভিযোগ
প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেছেন বগটুই গ্রামে ৮ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। সেটা ধামাচাপা দিতে লাশ গায়েব করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এই ঘটনায় যে পরিবারের ৭ জন মারা গিয়েছেন সেই পরিবারের ২ শিশুকে পাওয়া যাচ্ছে না। তাই নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে নালিশও জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ দুই শিশুর লাশ গায়েব করা হয়েছে। আর তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এমনই অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

সিবিআই তদন্তের দাবি
বগটুই কাণ্ডের সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ঘটনার দিনই লোকসভায় বগটুই কাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন কংগ্রেসের নেতা। তিনি অভিযোগ করেছিলেন রাজ্যে আইনের শাসন নেই। গুণ্ডারাজ চলছে। তার প্রমাণ একের পর এক নেতার মৃত্যু গত কয়ের দিনে রাজ্যে ২৭ জন খুন হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কাজেই রাজ্যে আইনের অনুশাসন নিয়ে সওয়াল তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

প্রদেশ কংগ্রেস সভাপতিকে বাধা
প্রদেশ কংগ্রেস সভাপতিকে বারবার বগটুই গ্রামে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রথমে গুসকরাতে তাঁর গাড়ি আটকানো হয়। সেখান থেকে বেরিয়ে বোলপুরে ঢুকলে সেখানেও প্রদেশ কংগ্রেস সভাপতির গাড়ি আটকে যায়।রাস্তায় ডাম্পার খারাপ হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখাতে শুরু করলে ডাম্পার ফের চলতে শুরু করে। প্রতিবাদে শ্রীনিকেতন রোডে পথে অবস্থান বিক্ষোভে বসেন প্রদেশ সভাপতি। শেষে মুখ্যমন্ত্রী বগটুই গ্রাম সফরের পর সেখানে পৌঁছন তিনি।












Click it and Unblock the Notifications