আইনজীবী রজত দে হত্যা মামলায় স্ত্রী অনিন্দিতা পাল দে-কে যাবজ্জীবন কারাদণ্ড
আইনজীবী রজত দে হত্যা মামলায় স্ত্রী অনিন্দিতা পাল দে-কে যাবজ্জীবন কারাদণ্ড
নিউটাউনের বাসিন্দা হাইকোর্টের আইনজীবী রজত দে হত্যা মামলায় স্ত্রী অনিন্দিতা পাল দে-কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত আদালত। পাশাপাশি, জরিমানাও দিতে হবে তাঁকে। সোমবার অনিন্দিতাকে এই মামলায় দোষীসাব্যস্ত করে বারাসত আদালতের তৃতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুজিত কুমার ঝাঁ। এদিন সেই মামলার সাজা শোনান বিচারক।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটাউন ডিবি ব্লকে আইনজীবী রজত দের মৃত্যু চমকে দিয়েছিল শহরবাসীকে।

সাতসকালে রহস্যজনক ভাবে মৃত অবস্থায় পাওয়া যায় রজতকে। তারপর ১ ডিসেম্বর রজত দে-কে খুন করার অভিযোগে পুলিস তাঁরই আইনজীবী স্ত্রী অনিন্দিতা পাল দে কে গ্রেফতার করে। বারাসত আদালতে মামলা শুরু হয়। ওই মামলার তদন্তে পরতে পরতে রহস্য দেখা যায়।
পুলিশ দাবি করে, তদন্তের সময়ে অনিন্দিতার বয়ানে অসঙ্গতি মিলেছিল। পরে তিনি স্বীকার করেন, মোবাইলের চার্জারের তারের ফাঁস দিয়ে খুন করেন রজতকে। প্রায় দু'বছর শুনানি শেষে এ দিন এই মামলার রায় শোনান বিচারক। মামলায় তদন্তের মূল ভিত্তি বৈদ্যুতিন ও মেডিকো-লিগ্যাল সাক্ষ্য প্রমাণ। তাই বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে সাইবার আইন বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করে বিধাননগর পুলিশ।
এদিন বেলা সাড়ে ১১টায় আদালত বসলে অনিন্দিতার আইনজীবী সোহিনী অধিকারী বিচারকের কাছে তাঁর যাতে সর্বোচ্চ সাজা না দেওয়া হয় সেই আর্জি জানান। বলেন, 'অনিন্দিতার ৩ বছরের এক সন্তান রয়েছে। যার বাবা নেই। মায়েরও ফাঁসি হলে সেই সন্তান পুরোপুরি অনাথ হয়ে পড়বে। তাই যাতে অনিন্দিতাকে সর্বোচ্চ শাস্তি না দেওয়া হয়।
অন্যদিকে, এদিন সকাল থেকেই অনিন্দিতার ফাঁসির আবেদনে সোচ্চার হন বহু মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও উপস্থিত হন। পুরুষ অধিকার অভিযান সংগঠনে সদস্যরা রজত দে খুনের মামলায় মূল অভিযুক্ত স্ত্রী অনিন্দিতার ফাঁসি চেয়ে বারাসত আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদেরকে সমর্থক জানান রজতের বাবা সমীর দে। চত্বরে বিক্ষোভ দেখান অনেকে।












Click it and Unblock the Notifications