কেউ কিছু নিলে সবটাই ফেরত দেওয়া হবে, সন্দেশখালি ইস্যুতে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
বীরভূমের সভামঞ্চ থেকে সন্দেশখালি ইস্যুতে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সন্দেশখালির নাম উত্থাপন করেননি ঠিকই। কিন্তু কথায় বুঝিয়ে দিয়েছেন সেই বিষয়ে বক্তব্য রাখছেন। কেউ কিছু নিলে সবটাই ফেরত দেওয়া হবে। বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একটা ঘটনা ঘটেছে। প্রথমে ইডিকে পাঠিয়েছে। তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সঙ্গে নিয়ে। আর কিছু মিডিয়া ঢুকেছে। তিলকে তাল করছে। শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। এমন বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সন্দেশখালি ইস্যু এই মুহূর্তে রাজ্যের অন্যতম চর্চায় রয়েছে। নারীদের সম্ভ্রম নষ্ট হয়েছে। তৃণম নেতৃত্বের একাংশ মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে। লুটপাট করেছে এলাকায়। এমন অভিযোগ সামনে এসেছে। উত্তম সর্দার আগেই গ্রেফতার হয়েছিল। গতকাল তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে। যদিও শেখ শাহজাহান এখনও অধরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদের স্বপক্ষে দাঁড়ালেন? এই প্রশ্ন উঠছে। সন্দেশখালি ঘটনায় বিজেপি যে ক্রমাগত ইন্ধন দিচ্ছে। এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। এমন দাবি তৃণমূল কংগ্রেস করেছে। বীরভূমের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তেমন বার্তা দিলেন।
বহু মানুষের জমি, জায়গা পুকুর,ভিটেমাটি কেড়ে নিয়েছে শেখ শাহজাহান ঘনিষ্ঠরা। জমি পুকুর লিজ নিয়ে টাকা পর্যন্ত দেওয়া হয়নি। এমন অভিযোগও বিস্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে এদিন পরিষ্কার বার্তা দিলেন, " আমি বলতে চাই তাদের,যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তাঁরা শুনবে। যদি কেউ মনে করে,কারও কাছ থেকে কেউ কিছু নিয়েছে,সবটাই ফেরত দেওয়া হবে। আমি যখন বলি,তখন করি।"
সন্দেশখালিতে ধর্ষণ, মহিলাদের সম্ভ্রম নষ্ট হওয়ার একাধিক কথা শোনা যাচ্ছে। তবে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হত না সেই সব ঘটনাতে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, "কোনও মহিলা আজ পর্যন্ত কোনও অভিযোগ করেনি, এফআইআর করেনি।"
মুখ্যমন্ত্রী বলেন, আমি পুলিশকে বলেছি সুয়োমুটো কেস কর। আমাদের ব্লক প্রেসিডেন্ট গ্রেফতার হয়েছে। এমনকী আরাবুল ভাঙরে আমাদের কর্মী, ও তো গ্রেফতার হয়ে আছে। তোমরা কতজনকে গ্রেফতার করেছ? আমি কি পারি না করতে?
এরপর মুখ্যমন্ত্রীর মুখে গদ্দারদের প্রসঙ্গ আসে। তিনি একটু একটু করে সুতো ছাড়ছেন। গদ্দারদেরও গ্রেফতার করার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন," গদ্দারদের সব চুরি, দুর্নীতি কেস। আর সবাইকে বলে চোর।"












Click it and Unblock the Notifications