দক্ষিণ ২৪ পরগনায় গড় ধরে রাখতে অভিষেকের 'ম্যাজিক মন্ত্র'-এ কোন বার্তা
দক্ষিণ ২৪ পরগনায় গড় ধরে রাখতে অভিষেকের 'ম্যাজিক মন্ত্র'-এ কোন বার্তা
প্রায় ৮২ লাখ ভোটার নিয়ে দক্ষিণ ২৪ পরগনা নির্ধারণ করবে ২০২১ বিধানসভা নির্বাচনের ভোটভাগ্য। ২০১৯ সালের লোকসভা ভোটের ট্রেন্ডে যখন প্রবল মোদী সুনামি গোটা বাংলায় বহু জায়গায় ঘাসফুলকে টক্কর দিয়েছে, তখন দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল দূর্গে পদ্ম শিবির সেভাবে আঁচড় কাটতে পারেনি। এই জায়গা থেকে ২০২১ নিয়েও ঘুঁটি সাজিয়েছেন তৃণমূল।

তৃণমূলের কাছে চ্যালেঞ্জ কোন ইস্যু ?
প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনায় আম্ফানের পরবর্তী পর্যায়ে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে বিরোধিদের সরব হতে দেখা যায় শাসক দলের বিরুদ্ধে। আর সেটিকে হাতিয়ার করেই বিজেপি থেকে আইএসএফ জোট প্রচারে পারদ তুলেছে। আর বিরোধিদের রুখতে আগর দুটি ভোটের চেয়েও বেশি ঘাম এই এলাকার প্রার্থীরা
ঝরাচ্ছেন প্রচারে , এমনই তথ্য উঠে আসছে সূত্রের মারফৎ।

সংখ্যালঘু ভোট ও আইএসএফ
প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে তৃণমূল ও আইএসএফ পর পর সংঘাতের খবরই জানান দিচ্ছে সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে এই এলাকায় দুই শিবিরের মধ্যে ভোট অঙ্কের লড়াই কতটা জোরদার হবে। সেই প্রেক্ষাপট থেকে ঘুঁটি সাজিয়েছে অভিষেক শিবিরও।

অভিষেকের 'পেপ টক' !
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গড় ধরে রাখতে প্রবল তৎপর। এক সূত্রের খবর অনুযায়ী, জেলার সমস্ত প্রার্থীকে ২০২১ এর চ্যালেঞ্জ গ্রহণ করে জোরদার লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি । তারপরই দেখা গিয়েছে বহু প্রার্থী এই এলাকায় সকাল ৬ টা থেকে টানা প্রচারে ব্যাস্ত। এমনকি অনেকেই বলছেন, এবারের ভোটে প্রচার পর্বের মাঝে নাওয়া খাওয়ার সময় পাচ্ছেন না। আগে এই এলাকার বহু তৃণমূল প্রার্থীই 'কাঁটে কি টক্কর' এ বামেদের হারিয়েছেন। তবে এবারের লড়াই আরও চ্যালেঞ্জিং বলে মত অনেকের।

ঘর ধরে রাখার লড়াই
বিগত ২০১৬ বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ১৬ টি কেন্দ্রের মধ্যে কুলতলিতে বামেরা দাপট দেখায়। সেবার বাকি ১৫ টি আসনই ঘাসফুল ছিনিয়ে নেয়। ২০১৯ লোকসভা ভোটে দক্ষিণ ২৪ পরগানর বাসন্তী, কুলতলি,কুলপি, রায়দিঘি, মন্দিরবাজারে তৃণমূলের সবুজ আবির উড়েছে। এছাড়াও বারুইপুর পূর্ব, জয়নগর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, দুই মগরাহাট, ডায়মন্ড হারবার, ফলতা বিষ্ণুপুরে তৃণমূল লিডে ছিল। সেই জায়গা থেকে এবার আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে গড় ধরে রাখার চ্যালেঞ্জের লড়াই তৃণমূলের প্রার্থীদের জন্য।












Click it and Unblock the Notifications