এবার অভিষেকের কেন্দ্র ডায়মন্ডহারবারেও ভর সন্ধেয় দুষ্কৃতী হামলা! মৃত্যু তৃণমূলের বুথ সভাপতির
এবার দুষ্কৃতী হামলায় তৃণমূলের বুথ সভাপতির মৃত্যু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ডহারবারেও। তৃণমূলের অঞ্চল সভাপতির অভিযোগ, খুনের পিছনে রয়েছে রাজনৈতিক কারণ।
বাকি থাকল না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ডহারবারও। রবিবার সন্ধেয় এই কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে শাসকদলের বুথ সভাপতির। তাঁর নাম সাধন মণ্ডল বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের ২১৮ ও ২১৯ নম্বর বুথের বুথ সভাপতি সাধন মণ্ডলের ওপরে এদিন সন্ধেয় হামলা হয়। পেশায় দিনমজুর বয়স ৩৪-এর সাধন মণ্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। রবিবার সন্ধে সাড়ে ছটা নাগাদ একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী আসে। সেই সময় স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন সাধন মণ্ডল ও তার ভাইপো এবং অন্য এক প্রতিবেশী। চা-দোকান থেকে ২০ মিটার দূরে বাইকটি রেখে তিনজন দুষ্কৃতী সামনে আসে। দোকানের সামনে এসে অস্ত্র বের করতেই সেখানে থাকা জনতা ভয়ে পালিয়ে যায়। তারপরেই সাধন মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ভাইপো শুভঙ্কর মণ্ডল জানিয়েছে, ৬ থেকে ৮ রাউন্ড গুলি চলে সাধন মণ্ডলের ওপরে।
দেহের একাধিক জায়গায় গুলি লাগার সঙ্গে একটি লাগে তাঁর মাথাতেও। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাধন মণ্ডলের। তবে দুষ্কৃতীরা এলাকা ছাড়তেই স্থানীয়রা সামনে আসেন। খবর যায় বিষ্ণুপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠায় আমতলা গ্রামীণ হাসপাতালে। এলাকাটি ডায়মন্ডহারবার পুলিশ জেলার অন্তর্গত। তৃণমূলের অঞ্চল সভাপতির পিন্টু সরদারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতার কারণেই এই খুন। তবে পুলিশ এই খুনের প্রকৃত কারণ খতিয়ে দেখছে।












Click it and Unblock the Notifications