Diamond Harbour: এবার ডায়মন্ড হারবার, অভিষেকের এলাকায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা; নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব?
Diamond Harbour: মালদহ, কালিয়াচকের পর এবার ডায়মন্ড হারবার। খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লোকসভা কেন্দ্রেই তৃণমূল নেতাকে (TMC Leader) লক্ষ্য করে গুলি (Shootout)। শনিবার সকালে ডায়মন্ড হারবারের নোদাখালি থানার ডোঙারিয়া মনসাতলা এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম কৃষ্ণপদ মণ্ডল। কলকাতার সিএমআরআই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঘটনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।
রাস্তার মাঝেই প্রকাশ্য দিবালোকে শুটআউটের ঘটনা ঘটে এদিন। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকাই ৩ জন দুষ্কৃতী এসে গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ ওই তৃণমূল নেতা। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে আনা হয়। জানা গিয়েছে, গুলিবিদ্ধ কৃষ্ণপদ মণ্ডল রায়পুর এলাকার যুব তৃণমূলের নেতা। পিঠের কাছে গুলি লেগেছে তাঁর।

ডায়মন্ড হারবারেও যেন মালদহ ও কালিয়াচকের পুনরাবৃত্তি। ডায়মন্ড হারবারে তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আক্রান্তের দাদার। দলের লোকেরাই গুলি চালিয়েছে বলে অভিযোগ পরিবারের। স্থানীয়দের তরফে তিন দুষ্কৃতীর নাম পেয়েছে পুলিশ। সেই মতো তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নাকা পয়েন্ট করে অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় ব্যবসায়ীক শত্রুতা রয়েছে কি না তাও খতিয়ে দেখবে পুলিশ।
এদিন গুলিবিদ্ধ তৃণমূল নেতার দাদা বলেন, "রাস্তায় দাঁড়িয়েছিলাম। এসে দেখলাম ভাইকে গুলি চালিয়েছে। এর আগেও গুলি চালিয়েছিল। পার্টির ছেলেরাই গুলি চালিয়েছিল। এবারেও সেই একই ব্যাপার। দলের লোকই বলল নিজেদের মধ্যে হয়ে গেছে। বারবার একই ঘটনা ঘটছে। ওকে দল থেকে সরিয়ে দিতে পারলে হয়ত তাদের ভালো হবে, তাই বারবার গুলি চালানোর ঘটনা ঘটছে।"
গত বুধবারই ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা মেনে নিয়েছিলেন। বলেছিলেন, দল বড় বলে গোষ্ঠীকোন্দল থাকা স্বাভাবিক বলে তিনি মনে করেন। যদিও অশান্তি, গুলি, বোমাবাজির মতো ঘটনায় কেউ জড়িত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারিও দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কাউকে রেয়াত করা হবে না বলে বার্তা দেন তিনি। তারই সপ্তাহ পেরোতেই গুলি চলল ডায়মন্ড হারবারে।












Click it and Unblock the Notifications