ফলতায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে বুথে যেতে দিল না তৃণমূল! বিক্ষোভ
ফলতা এলাকায় বিজেপি প্রার্থীকে আটকে দিল তৃণমূল। দিঘিরপাড় এলাকার ভোট কেন্দ্রে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। কিন্তু তিনি সেখানে ঢুকতে পারেননি। তৃণমূল কর্মীরা ঘিরে ধরে। সেই জায়গা থেকে তাকে চলে যেতে বাধ্য করা হয়।
ফলতা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গাতেই উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে এলাকায় ভোট করাচ্ছে। এই অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে উঠছে। সিপিএম, বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগ করছে।

ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন লড়ছেন। তিনি অবাধ ও শান্তিপূর্ণ ভোটের কথা আজ শনিবারও জানিয়েছেন। গণতন্ত্রের উৎসবের বার্তা দিয়েছেন অভিষেক। কিন্তু তারই এলাকায় একের পর এক অভিযোগের কথা সামনে আসছে। তৃণমূল এলাকায় ছাপ্পা ভোট দিচ্ছে। রাস্তা আটকে রাখছে। এই অভিযোগ সকাল থেকে উঠছে।
ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিজিৎ দাস বিভিন্ন জায়গায় ঘুরছেন। ফলতার দিঘিরপাড় এলাকায় গিয়েছিলেন। সে সময় বিজেপি প্রার্থীকে ঘিরে ধরা হয়। তিনি এতদিন কোথায় ছিলেন? কেন আগে আসেননি? তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। যারা কাজের মানুষ, তারাই এলাকায় আসবে। এই বক্তব্য তৃণমূলের উত্তেজিত কর্মীদের থেকে পাওয়া যায়।
বাধার মুখে পিছু হটেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। তিনি রাস্তার ধারের একটি গাছতলাতে আশ্রয় নেন। তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে। এই অভিযোগও তৃণমূলের বিরুদ্ধে সামনে এসেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতা বিধানসভা এলাকাতে এক লক্ষ ভোটের মার্জিন চেয়েছেন। সে কারণেই কি এভাবে ছাপ্পা ভোট দেওয়া? পুলিশ প্রশাসন সম্পূর্ণ নির্বিকার। তারা কোনও দায়িত্ব পালন করছেন না। এমন মারাত্মক অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হয়েছে।
বলে রাখা ভালো, এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততে চান। চার লক্ষের বেশি ভোটে তিনি জিতবেন। এই আবেদন তৃণমূল কর্মী সমর্থকদের কাছে রেখেছেন।।












Click it and Unblock the Notifications