সপ্তাহের শুরুতে কতটা উত্তাল থাকবে সমুদ্র? উপকূল এলাকায় কতটা থাকছে দুশ্চিন্তা?
ভারী বৃষ্টি উপকূলবর্তী এলাকায় চলবেই। আলিপুর আবহাওয়া দফতর সোমবার এই বার্তা দিয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। উত্তরবঙ্গেও জেলাগুলিতে বৃষ্টি চলবে। তবে উপকূলবর্তী অংশগুলিতে ভারী বৃষ্টি সম্ভাবনা এখন জারি থাকছে।

আজ সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কাল মঙ্গলবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। বিশেষ করে উপকূল অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকবে।
বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই বাড়বে। কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা গুলিতে বিশেষ নজর রাখা হয়েছে। সমুদ্র গত সপ্তাহ থেকেই উত্তাল। পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এলাকায় সমুদ্র উত্তাল। বড় ঢেউ এসে আছড়ে পড়ছে পাড়ে। তাজপুর এলাকায় ভাঙন শুরু হয়েছে। বেশ কয়েক দিনে সমুদ্রের জলে নেমে একাধিক পর্যটকের মৃত্যুর খবরও এসেছে।
সমুদ্র উত্তাল থাকবে। তাই সমুদ্রে যাতে পর্যটকরা নামতে না পারে, সেই দিকে নজর দেওয়া হচ্ছে। নুলিয়ার বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছে। কোস্টাল থানার পুলিশও মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, দিঘা এলাকায় নজরদারি ও মাইকিং চালাচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূল এলাকাতেও সমুদ্র উত্তাল রয়েছে। নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ বিভিন্ন জায়গাতেই নজরদারি চলছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। তবুও নিষেধাজ্ঞা না মেনে একটি ট্রলার সমুদ্রে গিয়েছিল। চার জন মৎস্যজীবী উত্তাল সমুদ্রে পড়ে যায়। তিন জনকে উদ্ধার করা সম্ভব হয়। এক জনের সন্ধান মেলেনি। এই কথাও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications