সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্য, সুপ্রিম কোর্টে আবেদন করলেও ধাক্কা
সন্দেশখালি কাণ্ডে সিবিআইকে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে মঙ্গলবার। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল। তবে সেখানেও প্রাথমিক ধাক্কা খেল রাজ্য সরকার। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
সন্দেশখালি মামলায় রাজ্য পুলিশ তদন্ত করছে। শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। ভবানী ভবনে তিনি রয়েছেন পুলিশের জিম্মায়। এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে শেখ শাহজাহানকে অবিলম্বে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে। সেজন্য সময় সীমাও বেধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার সাড়ে চারটে মধ্যে সিবিআইয়েত হাতে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে। এরপরেই রীতিমতো শোরগোল পড়ে যায়। তাহলে কি শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেবে রাজ্যের পুলিশ প্রশাসন? না কি অন্য কোনও রাস্তা বার করা হবে?
এরপরেই জানা যায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করেছে রাজ্য। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে যাওয়া হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন। কিন্তু পরে জানা যায়, সেখানেও প্রাথমিকভাবে ধাক্কা খেয়েছে নবান্ন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্নার এজলাসে আবেদন নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বিচারপতি জানিয়ে দেন রেজিস্ট্রার জেনারেলের কাছে এই বিষয়ে যেতে হবে।
অর্থাৎ শেখ শাহজাহানকে এবার তুলে দিতেই হবে সিবিআইয়ের হাতে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করা যাবে না। তাহলে আদালত অবমাননার অভিযোগ আসবে। কিন্তু কখন এই নির্দেশ পালন করা হবে? এই প্রশ্ন উঠছে। বিকেল সাড়ে চারটে বেজে গেলেও ভবানী ভবন থেকে শেখ শাহজাহানকে বার করা হয়নি।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেই দ্রুত পদক্ষেপ রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে আবেদন করেন অভিষেক মনু সিংভি। জরুরি ভিত্তিতে শুনানি করতে হবে। এই আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেখানেও রাজ্য সরকার ধাক্কা খেল।












Click it and Unblock the Notifications