Sandeshkhali: 'শিবু প্রভাবশালী' আদালতে পুলিশের রিপোর্টে চাঞ্চল্যকর অভিযোগ, তাহলে কি দায় ঝেড়ে ফেলছে তৃণমূল?
সন্দেশখালির বাঘ শাহজাহান শেখের দুই শাগরেদ এখন পুলিশের হেফাজতে। শিবু হাজরা এবং উত্তম সর্দার দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধেবেলা গ্রেফতার করা হয় শিবু হাজরাকে। যাকে শাহজাহান শেখের ডানহাত বলা হতো। তৃণমূল কংগ্রেসের এই ব্লক সভাপতিকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আদালতে শিবু হাজরার বিরুদ্ধে পুলিশ যে রিপোর্ট দিয়েছে তা রীতিমতো চাঞ্চল্য কর। পুলিশ আজ বসিরহাট মহকুমা আদালতে শিবু হাজরাকে পেশ করে। সেখানে রিপোর্ট পুলিশ শিবু হাজরাকে প্রভাবশালী নেতা বলে জানিয়েছে। সেই সঙ্গে বিচারককে জানিয়েছে শিবু হাজরা জামিন পেলে এলাকায় অশান্তি ছড়াতে পারে। হঠাৎ করে পুলিশের এই রিপোর্টে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

শিবু হাজরার বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ জানিয়েছিলেন গ্রামের মহিলারা। শিবু হাজরা রাতের অন্ধকারে পার্টি অফিসে মহিলাদের ডেকে নিয়ে গিয়ে অত্যাচার করত। তাঁদের জমি কেড়ে নিত। জমি দখল করে ভেড়ি তৈরি করত। কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। গ্রামের মহিলারা দাবি করেছিলেন, পুলিশকে অভিযোগ করলে পুলিশ আবার পাল্টা তাঁদের সেই শিবু হাজরাদের কাছেই পাঠিয়ে দিত।
অত্যাচারের সীমা এতোটাই ছাড়িয়ে গিয়েছিল যে গ্রামের মহিলারা শিবু হাজরার পার্টি অফিস এবং বাড়িতে হামলা চলিয়েছিল। শিবু হাজরার বাগানবাড়ি পুড়িয়ে দেয়। তারপর থেকে এক কথায় বেপাত্তা ছিলেন শিবু হাজরা। পুলিশ রিপোর্টে দাবি করেছে শিবু হাজরা পালানোর চেষ্টা করছিলেন। শাসনের কাছে তাকে গ্রেফতার করা হয়। শিবুকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশকি সত্যিই দায় ঝেড়ে ফেলতে চাইছে শিবু হাজরার। না কি শিবু হাজরাকে হেফাজতে রেখে প্রোটেকশন দিতে চাইছে কোন পরিকল্পনায় রয়েছে তারা তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এদিকে পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন গ্রামবাসীরা। আজ সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের তিন শীর্ষ নেতা তথা রাজ্যের তিন মন্ত্রী হাজির হয়েছিলেন। বীরবাহা হাঁসদা, সুজিত বসু এবং পার্থ ভৌমিক। পুস্পবৃষ্টিতে তাঁদের সন্দেশখালিতে স্বাগত জানায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আগামী ৩ মার্চ সন্দেশখালিতে সভা করবে তৃণমূল কংগ্রেস। তার আগে থেকেই শিবু হাজরা এবং উত্তম সর্দারকে জেলে ভরে কোন বার্তা দিতে চাইছে শাসক দল।












Click it and Unblock the Notifications