Barrackpore Lok Sabha Election 2024: নৈহাটির বড়মাকে প্রণাম পার্থর, অর্জুন সিং এবারও ব্যারাকপুরে জয়ে আশাবাদী
Barrackpore Lok Sabha Election 2024: পঞ্চম দফার ভোটে রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র সম্ভবত ব্যারাকপুর। এবার এই কেন্দ্রের রাজনৈতিক চর্চা অন্য মাত্রায়। পার্থ ভৌমিক না কী অর্জুন সিং? মানুষ কার দিকে আছেন? সেই কাঁটাছেড়া চলছে।
সোমবার সকাল থেকেই ভোট চলছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। বেলা সাড়ে ১০ টা অবধি তেমন কোনও বড় ঝামেলা, অশান্তির খোঁজ পাওয়া যায়নি। মানুষ তাদের সঙ্গেই রয়েছেন। এই দাবি পার্থ ভৌমিক, অর্জুন সিং দুজনেই করছেন।

সোমবার সকালে নৈহাটির বড়মার মন্দিরে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। সেখানে তিনি পুজো দেন। বড়মাকে প্রণাম করে বেরিয়ে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা শুরু করেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এবারে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে ফের লাফ মেরেছিলেন। শুধু যাওয়াই নয়, প্রার্থী টিকিট নিয়ে নির্বাচনও লড়ছেন। কিন্তু এবার ব্যারাকপুর কি তাঁর দিকে ঝুঁকবে? সেই প্রশ্ন বিভিন্ন সময় সব থেকে বেশি চর্চা হচ্ছে।
পার্থ ভৌমিক নিজের জয়ের ব্যাপারে ভোটের দিনও অত্যন্ত আশাবাদী। তিনি জানিয়েছেন, বিজেপি অনেক জায়গায় এজেন্ট দিতে পারেনি। মানুষ অর্জুন সিংয়ের হয়ে এজেন্ট হিসেবে বসতে চাইছে না। টাকা দিয়ে এজেন্ট করার চেষ্টা করেছেন অর্জুন সিং। মানুষ ভোট দিচ্ছে এবারে। অর্জুন সিং পরাজিত হবেন।
বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন পার্থ ভৌমিক। ব্যারাকপুর, টিটাগর, বীজপুরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি সম্পর্কে খোঁজখবর রাখছেন তিনি। অর্জুন সিংও সকালবেলা বেরিয়ে পড়েছেন ব্যারাকপুর অঞ্চলে। তিনিও জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী।
তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সম্পর্কে অর্জুন সিং বলেছেন, অশান্তি করার চেষ্টা করবেন না। মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দিন। অবাধ সুষ্ঠু নির্বাচন চাইছেন তিনি। পার্থ ভৌমিক এদিন জানিয়েছেন, ব্যারাকপুরে গুন্ডারাজ মানুষ আর পছন্দ করছে না। মানুষ এবার গুন্ডারাযের বিরুদ্ধেই তাদের মতামত দেবে।
পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং। দীর্ঘদিন ধরেই যুযুধান দুই পক্ষ। ভোটের আগে মন্তব্য পাল্টা মন্তব্যে উত্তেজনা আরও বেড়েছে। ভোটের দিনও একইভাবে দুই প্রার্থীকে নিয়ে চর্চা চলছে। টিটাগর ও বীজপুরে প্রথম দিকে ঝামেলার সূত্রপাত হয়েছিল। তবে তা তেমন কোনও বড় আকার নেয়নি বলে খবর।
কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসন কড়া নজরদারি রেখেছে। এলাকাগুলিতে ছোটখাটো অশান্তিও যাতে এড়ানো যায়। সেই লক্ষ্যে কাজ করছেন বাহিনী ও পুলিশ।












Click it and Unblock the Notifications