২৪ বছর আগের খুনের প্রসঙ্গ তুললেন পার্থ ভৌমিক! নিশানায় অর্জুন সিং?
২৪ বছর আগে খুনের একটি ঘটনা উসকে দিলেন পার্থ ভৌমিক। তৃণমূল কর্মী বিকাশ বসু ব্যারাকপুর এলাকায় খুন হয়েছিলেন। সেই খুনে কি তৃণমূলেরই তৎকালীন নেতা জড়িয়ে ছিলেন? কাকে লক্ষ্য করলেন এবারের তৃণমূল প্রার্থী? ভোটের আগে ফের শুরু সেই খুনের ঘটনার তরজা।
ব্যারাকপুর লোকসভা নির্বাচনে এবার পার্থ ভৌমিক বনাম অর্জুন সিংয়ের লড়াই৷ অর্জুন সিং তৃণমূলের টিকিট পাননি। পরে তিনি দলবদল করে ফের বিজেপিতে যান। সেই বিজেপির টিকিটেই ব্যারাকপুর থেকে লড়ছেন অর্জুন সিং।

শিল্পাঞ্চলের এই কেন্দ্রে নজর রয়েছে রাজনৈতিক মহলের। পার্থ ভৌমিক কি পারবেন অর্জুনকে হারাতে? এদিকে দল বদল করা অর্জুন কি ধরে রাখতে পারবে ওই কেন্দ্র? সেই সব প্রশ্ন উঠতে বিভিন্ন মহলে৷ এবার একটি পুরনো ঘটনাকে উসকে দিলেন পার্থ ভৌমিক।
২৪ বছর আগে তৃণমূল কর্মী বিকাশ বসু খুন হয়েছিলেন। সেই খুনের ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন পার্থ ভৌমিক। আর সঙ্গে শুরু হল বিতর্কও। বাম আমলে ওই তৃণমূল কর্মী খুন হয়েছিলেন। সেই সময়ে সঠিকভাবে তদন্ত হয়নি। তদন্তের ফাইল রাইটার্স বিল্ডিং থেকে সরিয়ে ফেলা হয়েছিল। এমনই মারাত্মক অভিযোগ করলেন পার্থ ভৌমিক।
পার্থ ভৌমিক বলেন, "আমি এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, তারপরেও নিজেদের অনেক অসুবিধা থাকার কারণে, আমরা বিকাশদার মৃত্যুর পূর্ণতদন্ত চাইতে পারিনি। কারণ, ব্যারাকপুরের মানুষ জানে এই খুনের পিছনে কে ছিল।" কার দিকে এমন মারত্মক অভিযোগ করলেন পার্থ? নাম না করে অর্জুন সিংয়ের দিকেই কি আঙুল তুললেন পার্থ?
তৃণমূল প্রার্থী আরও বলেন, তাঁকে যদি ভোট দিয়ে মানুষ সাংসদ বিবেচিত করেন। তাহলে নিশ্চিতভাবে বিকাশ বসুর খুনের পুনরায় তদন্তের জন্য উদ্যোগী হবেন পার্থ ভৌমিক। ২০০০ সালের ২ এপ্রিল এই খুনের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় অর্জুন সিংকে গ্রেফতার করা হয়েছিল। যদিও পরে তিনি ছাড়া পেয়ে যান।
কিন্তু দুই দশক পরে কেন সেই খুনের প্রসঙ্গ সামনে এল? নতুন করে কি অর্জুন সিংকে ভোটের মুখে অস্বস্তিতে ফেলতে চাওয়া? না কি অন্য কোনও বিষয়? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। যদিও এই বিষয়কে গুরুত্ব দিতে রাজি নন অর্জুন সিং।
সংবাদ মাধ্যমে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, হাইকোর্টের নির্দেশ জানা নেই। সেই কারণে পাগলের প্রলাপ বকছেন। পার্থ ভৌমিকের মাথা খারাপ হয়ে গিয়েছে। ক্ষমতা থাকলে পার্থ ভৌমিক ফাইল খুলে দেখিয়ে দিক৷
তিনি যখন মুখ খুলবেন, তখন অনেক সমস্যা হয়ে যাবে। এমনই পালটা খোঁচা দিয়েছেন অর্জুন সিং৷












Click it and Unblock the Notifications