ঝড়বৃষ্টিতে বিদ্যুৎ ছিল না বহু কেন্দ্রে, তারপরেও বনগাঁয় ভোট পড়ল ৭৫.৭৩ শতাংশ
বেলা বাড়তেই প্রতিকূল হয়েছিল আবহাওয়া। আকাশ অন্ধকার করে ধেয়ে এসেছিল বৃষ্টি। তুমুল বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রপাত। ভোটের লম্বা লাইন তখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। সোমবার দুপুরে বনগাঁ, বাগদা অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি দেখা যায়। কিন্তু ভোটের শতাংশের হারে নজির রাখল বনগাঁ লোকসভা।
পঞ্চম দফার লোকসভা ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে ৭৩ শতাংশ ভোট পড়েছে। বনগাঁ লোকসভা কেন্দ্র ভোটের হারে দ্বিতীয় স্থানে রয়েছে। বনগাঁয় বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭৫.৭৩ শতাংশ।

মতুয়া ভোটব্যাঙ্ক এই লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করেছেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। এদিকে তৃণমূলের থেকে লড়েছেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি এক সময় বিজেপির হয়ে বনগাঁ বিধানসভার থেকে বিধায়ক হয়েছিলেন।
বিক্ষিপ্ত গন্ডগোল ছাড়া সকাল থেকেই বনগাঁর বিস্তীর্ণ অঞ্চলে ভালো ভোট দেখা গিয়েছে। ভোটারদের লম্বা লাইন ছিল বিভিন্ন ভোট কেন্দ্রে। তবে বেলা বাড়তেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তুমুল বৃষ্টি হয়। তবে বনগাঁ বাগদা অঞ্চলে বৃষ্টির পরিমাণ ছিল যথেষ্ট বেশি।
জানা গিয়েছে, বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যায়। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয় কিছুটা সময়। ভোটারদের নিরাপদ জায়গায় সরে যেতে হয়েছিল। অনেকে ভোটকেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। বেশ কিছুটা সময় ভোট গ্রহণে সমস্যাও হয়। তার ওপর বিস্তীর্ণ অঞ্চলের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল।
একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ফলে বহু ভোট কেন্দ্রে আলো ছিল না। মোমবাতি, এমারজেন্সি চার্জার আলো জ্বালিয়ে ভোটগ্রহণ চালু রাখা হয়। ভোটকর্মীরা নিরলস ভাবে ভোট করিয়েছেন। ভোটগ্রহণ পর্বে কোনও খামতি ছিল না বলেই খবর। বৃষ্টি থামতেই আবার ভোটারদের লম্বা লাইন দেখতে পাওয়া যায়।
বিকেল পাঁচটার পরে কিছু জায়গায় ভোটগ্রহণ চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বনগাঁ অঞ্চলে ভোট পড়েছে ৭৫ শতাংশের বেশি। রাজ্যের আরামবাগ লোকসভা কেন্দ্রে ৭৬ শতাংশের বেশি ভোট পড়েছে। তারপরেই রয়েছে বনগাঁ। বাগদা এলাকায় প্রবল ঝড়বৃষ্টি দেখতে পাওয়া যায়। সেখানে ৭৪ শতাংশ ভোট পড়েছে। স্বরূপনগরে সব থেকে বেশি ভোট পড়েছে। সেখানে প্রায় ৭৯ শতাংশ ভোট পড়েছে। হরিণঘাটায় ৭৮ শতাংশের বেশি ভোট দেখতে পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications