Naihati By Election Result: আরজি কর আবহেও কিস্তি মাত! নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার
Naihati By Election Result:রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৩ নভেম্বর। আজ শনিবার ২৩ নভেম্বর, হল উপনির্বাচনের ফলাফল ঘোষণা। নৈহাটি বিধানসভা কেন্দ্রে জয়ী হল তৃণমূল। ঘাসফুলের প্রার্থী সনৎ দে ৪৮ হাজার ৮৭৯ ভোটে জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রূপক দত্ত। অন্যদিকে বাম সমর্থিত সিপিআই লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার এবারের বিধানসভা উপনির্বাচনেও তেমন একটা দাগ কাটতে পারলেন না। পাশাপাশি বলার মত ভোট পেলেন না কংগ্রেস প্রার্থী পরেশ সরকারও।
এদিকে শনিবার বেলা বাড়তেই স্পষ্ট হয়ে যায় কোন দিকে চলেছে হাওয়া। বেলা ১২ টার আগেই ঘোষিত হয়ে গেল ফলাফল। নৈহাটিতে প্রথম থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী সনৎ দে। নিকটতম বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে নৈহাটিতে দশম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সনৎ দে ৪৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে থেকে জয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণার পরেই বিজয় উল্লাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। সবুজ আবির উড়িয়ে চলল সেলিব্রেশন। 'তিলোত্তমার জন্য প্রত্যেকেই দুঃখিত। কিন্তু ওই ঘটনার জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তাঁদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যু নিয়ে যাঁরা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে রায় দিয়েছে নৈহাটির জনতা' জয়ের পর বললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।
অন্যদিকে, ফল ঘোষণার পর সদ্য জয়ী হওয়া তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন, 'নৈহাটির মানুষ বিজেপির অপপ্রচারে বিরুদ্ধে রায় দিয়েছেন। মানুষ প্রকৃত সত্য কোনটা তা বুঝেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত অপপ্রচার হবে মানুষ ততই তাঁকে আপন করে নেবেন।'
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর প্রথম কোনও নির্বাচন হল বাংলায়। উপনির্বাচনের ফলাফলে আরজিকর আবহের প্রভাব পড়বে বলে মনে করেছিলেন অনেকেই। কিন্তু সব জল্পনা ধারণাকে নস্যাৎ করে এবারেও বাংলায় শক্ত হলো ঘাসফুলের মাটি তা বলা বাহুল্য।












Click it and Unblock the Notifications