Barrackpore Fire: ব্যারাকপুরে শপিং মলে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বস্ত্র বিপণী থেকে নামী রেস্তোরাঁ
Barrackpore Fire: ব্যারাকপুরে শপিং মলে বিধ্বংসী আগুন (Massive fire)। অতীন্দ্র সিনেমা হলের (Atindra Cinema Hall) পাশেই আগুন লাগে। শপিং মলেই রয়েছে বস্ত্র বিপণী (Fashion Store) ও রেস্তোরাঁ (Restaurant)। পাশাপাশি রয়েছে মাল্টিপ্লেক্সও। ব্যারাকপুরের ঘোষপাড়া রোডে দাউ দাউ করে জ্বলতে থাকে শপিং মল। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন।
ব্যারাকপুর স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে আগুন লাগে। রেললাইন থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যায়। জানা গিয়েছে, বস্ত্র বিপণী থেকেই আগুন ছড়িয়ে পড়ে। সেসময় ওই শপিং মলে প্রচুর লোক ছিল বলে জানা গিয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আটকে পড়েছেন কিনা তা জানা যায়নি।

ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চালায়। কিছুটা নিয়ন্ত্রণে আগুন এলেও ভেতর থেকে গলগল করে ধোয়া নির্গত হওয়ার কারণে যেতে বাধা পান দমকল কর্মীরা। বস্ত্র বিপণী ও রেস্তোরাঁয় দাহ্য পদার্থ থাকাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ওই বস্ত্র বিপণীর জামাকাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ব্যারাকপুর স্টেশন রোডে অত্যন্ত ব্যস্ত এলাকা এই শপিং মল চত্বর। পাশেই রয়েছে রেলস্টেশনও। আগুন ছড়াতেই আতঙ্কে হুলস্থূল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন। পরে আরও ইঞ্জিন আসে। রাস্তার দুই ধারে ভিড় করেন জনতা। অতীন্দ্র সিনেমা হলের পাশে একটি ক্যাফেতে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ব্যস্ত রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছয় টিটাগড় থানার পুলিশও। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। স্থানীয়দের অনেকের আবার দাবি, ওই পোশাকের শোরুম থেকে প্রথমে আগুন ছড়ায়। নিচের গোডাউনে প্রচুর সিলিন্ডারও মজুত ছিল বলে জানা গিয়েছে।
দীর্ঘদিনের পুরোনো সিনেমা হল অতীন্দ্র। বর্তমানে মাল্টিপেক্স সেই সিনেমা হল সংলগ্ন রেস্তোরাঁ ও পোশাকের শোরুম রয়েছে। আশেপাশের দোকান ও বাড়িতে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে তার আগেই তা নিয়ন্ত্রণে আনে দমকল।
উল্লেখ্য, গতকালই পার্ক সার্কাস স্টেশনের প্ল্যাটফর্ম লাগোয়া একটি গোডাউনে আগুন লেগে যায়। সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পার্ক সার্কাস স্টেশনের প্ল্যাটফর্ম ও ওভারব্রিজও ঢেকে যায় কালো ধোঁয়ায়। প্ল্যাটফর্মে দমকলের গাড়ি ওঠানো সম্ভব নয়। সে কারণে বড় জলের পাইপ প্ল্যাটফর্মের উপর দিয়ে নিয়ে গিয়ে রেলের অফিসের ছাদ থেকেই চলে আগুন নেভানোর কাজ। দমকলের মোট ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।












Click it and Unblock the Notifications