South 24 Parganas: রণক্ষেত্র জয়নগর, বগটুইয়ের কায়দায় জ্বালিয়ে দেওয়া হল একাধিক বাড়ি! মৃত এক
South 24 Parganas: তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের মৃত্যুর ঘটনার পরেই একেবারে অগ্নিগর্ভ দক্ষিণ চব্বিশ পরগনা। বগটুইয়ের ছায়া জয়নগরে। একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, খুনের ঘটনায় জড়িত সন্দেহে আরও এক ব্যাক্তিকে পিটিয়ে মেরে দেওয়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।
ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। শুরু হয়েছে ধরপাকড়। ইতিমধ্যে একজনকে খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার ভোরে তৃণমূল (TMC) অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে খুব কাছ থেকে গুলি করে খুন করেন দুষ্কৃতিরা। নমাজ পড়তে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সইফুদ্দিন লস্করের।

আর এই ঘটনার পরেই একেবারে রণক্ষেত্র হয় পরিস্থিতি। বামনগাছি (South 24 Parganas) গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাঁটি গ্রামে রীতিমত তাণ্ডব শুরু হয়। একের পর এক বাড়িতে চলে ভাংচুর। শুধু তাই নয়, একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
আর তাতে সম্পূর্ণভাবে অন্তত ১০ টি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বলেও খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। অন্যদিকে সইফুদ্দিন লস্করের খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় অভিযোগ। কার্যত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন।
গ্রামের মানুষের অভিযোগ, ঘটনার বিষয়ে তাঁরা কিছুই জানেন না। সিপিএম করেন বলেই তাঁদের উপর এই হামলা বলে অভিযোগ। এমনকি পুলিশের সামনেই একের পর এক বাড়িতে তৃণমূল কর্মীরা আগুন লাগিয়ে দেয় বলেও অভিযোগ সামনে এসেছে। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় পুলিশ।
তাঁদের দাবি, ঘটনায় অভিযুক্ত একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। সইফুদ্দিন লস্করের খুনের ঘটনায় ওই ব্যক্তি জড়িত বলেই দাবি পুলিশের। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। শাসকদল তৃণমূলের দাবি, এই ঘটনায় সঙ্গে স্থানীয় সিপিএম আশ্রিতরা জড়িত রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বামেরা। পাল্টা ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications