যাঁরা যোগ্য তাঁদের ৬০ বছরে বিদায় দিই না, ফের নবীন-প্রবীণ দ্বন্দ্বকে উসকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
নবীন - প্রবীণ দ্বন্দ্ব তৃণমূলের অন্দরে কি আরও প্রকট হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের মতে অনড় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও যে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসছেন না। তার ইঙ্গিত আরও একবার পাওয়া গেল। গঙ্গাসাগর গিয়ে সরকারি মঞ্চ থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
৬০ বছর বয়স হয়ে গেলে কাজ থেকে যে কাউকে বিদায় দিতে হবে। এই রাজ্য সরকার তা বিশ্বাস করে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই মন্তব্য করলেন। আর তাতেই বিতর্ক উস্কে গেল। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব অভ্যন্তরে জারি থাকছে? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ৭০ বছর হয়ে গেলে মানুষের কর্মক্ষমতা কমতে থাকে না। তাঁর বয়স ৭০ হলে তিনি নবজোয়ার যাত্রা করতে পারতেন না। নতুনদের কাজে জায়গা ছেড়ে দিতে হবে। এমন ইঙ্গিত ফের তাঁর বক্তব্যে উঠে এসেছিল। তবে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল চলছে। এই বক্তব্য অভিষেক জানিয়েছিলেন।
অভিষেকের বক্তব্যের পরেই নবীন প্রবীণ দ্বন্দ্ব ফের ছাই চাপা আগুনের মতো বেরিয়ে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি সেই আগুনে আরও কিছুটা হাওয়া দিলেন? বিতর্ককে জিইয়ে রাখলেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন থাকছেই। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা কিন্ত যাঁরা যোগ্য লোক, তাঁদের ৬০ বছরে বিদায় দিই না। আমরা তাঁদের কাজকর্ম, পুরো অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগরে পৌঁছেছেন। আজ দুপুরের পরে সেখানে তিনি কপিল মুণির আশ্রমে পুজো দিয়েছেন। তার আগে তিনি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি এই মুহূর্তে রাজ্যের অর্থ উপদেষ্টা। এছাড়াও ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে একসময় রাজ্যের মুখ্যসচিব পদে ছিলেন। উপস্থিত থাকতে দেখা যায় রাজ্যের বর্তমান মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে।
মমতা বন্দ্যোপাধ্যায় কি এই বক্তব্যের মাধ্যমে দলের কাছেও বার্তা পাঠাচ্ছেন? তিনি প্রবীণদের উপর বিশ্বাস রাখছেন। বয়স বেশি হয়ে গেলেও রাজনীতিতে অবসর যুক্তিযুক্ত নয়। সেই বক্তব্যকেই তিনি প্রাধান্য দিচ্ছেন। এই কথার মাধ্যমে কি সেই প্রশ্ন জোরালো হচ্ছে?












Click it and Unblock the Notifications