অশোকনগরে বাংলার জন্য 'গ্যারান্টি', রেখা পাত্রকে সার্টিফিকেট! তৃণমূল ও বাম একই মুদ্রার এপিঠ-ওপিঠ, বললেন মোদী
Lok Sabha Election 2024: গত দশ বছরে পূর্ব ভারতে উন্নয়নের যে কাজ হয়েছে, যে অর্থ বরাদ্দ হয়েছে তা আগের সত্তর বছরে হয়নি। এদিন অশোকনগরের নির্বাচনী সভায় এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একসঙ্গে কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূলকে নিশানা করেন।
প্রধানমন্ত্রী শুরুটা করেন বাংলায়। প্রশ্ন করেন, কেমন আছেন বারাসত বাসী, কেমন আছেন বসিরহাটবাসী? তাঁর মুখে উঠে আসে ঘূর্ণিঝড় রেমালের প্রসঙ্গ। তিনি দাবি করেন, এনডিআরএফ এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সবরকমের সহযোগিতা করেছে। সবাই মিলে ঘূর্ণিঝড়ের মোকাবিলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তৃণমূল-বাম একই
তিনি বলেন, তৃণমূল ও বামেরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এই রাজ্যে প্রথমে কংগ্রেস, তারপরে বামেরা লুট করেছে। আর এখন তৃণমূল দুই হাতে লুট করছে বলে অভিযোগ করেন তিনি।
না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা
গত দশ বছরে কোনও ঘোটালা হয়নি। প্রধানমন্ত্রী বলেন, দশ বছর আগে প্রচারে তিনি বলেছিলেন না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা। গত দশ বছরে কোনও দুর্নীতি হয়নি বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
মোদীর গ্যারান্টি
যত চুরি হয়েছে, তা বের করা হবে। আর যে চুরি করেছে, তাকে জেলে ঢোকানো হবে। তৃণমূলের নেতাদের ঘরে টাকার পাহাড়। সেই টাকা তো সাধারণের, বলেন প্রধানমন্ত্রী। তিনি এদিন সভার ভীড়ে খুশি। প্রধানমন্ত্রী বলেন, হেলিপ্যাড থেকে সভা প্রায় সাড়ে তিন কিমি দূরত্বে রাস্তা পাশে বহু মানুষ দাঁড়িয়ে ছিলেন।
ভোট ব্যাঙ্ক তুষ্টিকরণ
তিনি অভিযোগ করেন, তৃণমূল রাজ্যে ভোট ব্যাঙ্কের তুষ্টিকরণ করছে। তারপরেই তিনি রাজ্যে ওবিসিদের নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে তৃণমূলকে নিশানা করেন। রায়ের পরেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিচারপতিদের আক্রমণ করেছেন, তারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুমকির কথাও তুলে ধরেন। তারপর প্রধানমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আক্রমণের নিন্দা করেন। তিনি বলেন, এটা করা হয়েছে তুষ্টিকরণের কারণে। মা-মাটি-মানুষের নামে ভোট চাওয়া তৃণমূল মাকে ভয় দেখিয়েছে, মাটিকে অপমান করেছে।
রেখা পাত্রকে সার্টিফিকেট
এদিন প্রধানমন্ত্রী মঞ্চে থাকা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে সার্টিফিকেট দিয়ে বলেন, যেভাবে তিনি ভাষণ দিলেন, তা প্রশংসনীয়। তাঁকে বাহাদুর বেটি বলেও সম্বোধন করেন প্রধানমন্ত্রী। তাঁর মতো এক গরিবকে প্রার্থী করেছে বিজেপি। বোন রেখা পাত্রকে জেতানোর আহ্বান জানান তিনি।












Click it and Unblock the Notifications