সন্দেশখালি যেতে বাধা লকেট, অগ্নিমিত্রাদের, আটক করা হল বিজেপি মহিলা মোর্চা নেতৃত্বদের
রাজারহাট নিউটাউন এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি। সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল বিজেপির মহিলা মোর্চা। পথেই বাধা দেয় পুলিশ। ধস্তাধস্তি চলে নিউটাউনের রাস্তায়। রাস্তায় বসে পড়েন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পল, ভারতী ঘোষ সহ অন্যান্য মহিলা নেতৃত্ব।
আরেক দিকে পুলিশ অন্যান্য মহিলা নেত্রী, কর্মীদের আটক করে নিয়ে গিয়েছে। ফাল্গুনী পাত্র, শশী অগ্নিহোত্রী সহ অন্যান্য বিজেপি মহিলা মোর্চার নেত্রীদের থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ১৪৪ ধারা জারি রয়েছে সন্দেশখালি এলাকায়। সেই কারণে বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দল সেখানে যেতে পারবে না। এই দাবি পুলিশের পক্ষ থেকে করা হয়।

সন্দেশখালির কয়েকটি জায়গায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। যেখানে ১৪৪ ধারা জারি নেই, সেই সব এলাকায় বিজেপি মহিলা মোর্চা যাবে। এমনই দাবি লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলরা জানান। কিন্তু পুলিশ কোনওভাবেই কথা শুনতে চাননি। নিউটাউন এলাকাতেই তাদের আটকে দেওয়া হয়।
কেন তাদের আটকানো হচ্ছে? সেই লিখিত কাগজ দেখতে চান বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব। কিন্তু কোনওভাবেই কাগজ দেখাতে পারেনি পুলিশ। বিজেপি মহিলা নেতৃত্বকে থানায় যেতে বলা হয়। সেখান থেকেই শুরু হয় বাড়তি উত্তেজনা। কেন থানায় নিয়ে যাওয়া হবে? সেই প্রশ্ন করেন ভারতী ঘোষ। কাগজ না দেখালে তারা কোথাও যাবেন না। সেই বক্তব্য রাখা হয়। মাটিতে বসে পড়েন বিজেপির মহিলা মোর্চা নেতৃত্বরা।
শেখ শাহজাহানদের পুলিশ জামাই আদর করে। এদিকে সাধারণ মানুষকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলা হয়। এই হল পশ্চিমবঙ্গের পুলিশ। এই হল বাংলার মুখ্যমন্ত্রী। এমনই কটাক্ষ করা হয়। পুলিশ জোর করে মহিলাদের বাসে তুলেছে। বাসের ভেতরে তাদের মারধর করা হয়েছে। এমনই অভিযোগ করছেন মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র।
বিজেপি মহিলা মোর্চার একটি দল রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে। তাদের সঙ্গে তুমুল তর্ক বাধে পুলিশের। অন্য দিকে বাসে মোর্চার কয়েক জন নেত্রী কর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়।
গত ২৩ ফেব্রুয়ারি লকেট চট্টোপাধ্যায় সন্দেশখালি যেতে চেয়েছিলেন। সেই সময় তাঁকে আটক করা হয়। লালবাজারে দীর্ঘক্ষণ আটক রাখা হয়েছিল। বিকেলের পর সেখান থেকে ছাড়া পান। লকেট জানিয়েছিলেন, ফের সন্দেশখালি যাওয়া হবে। এবার সেই সন্দেশখালি যাওয়ার জন্য বেরিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়রা। আটকানো হল তাঁদের।
আগামী কাল আন্তর্জাতিক নারী দিবস। সন্দেশখালিতে মহিলারা নিগৃহীত। তাদের পাশে দাঁড়ানোর জন্য লকেট চট্টোপাধ্যায়রা এদিন এই কর্মসূচি নিয়েছিলেন। কিন্তু তাঁদের শুরুতেই বাধা দেওয়া হল। কেন বিরোধীরা সন্দেশখালি যেতে পারবেন না? এই প্রশ্ন উঠল।












Click it and Unblock the Notifications