এখন কেমন আছেন জ্যোতিপ্রিয়? মন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি
এজলাসে মূর্ছা গিয়েছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাতেই তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। দ্রুত চিকিৎসা শুরু হয়েছিল। শনিবার সকালে কেমন আছেন মন্ত্রী? তার শারীরিক অবস্থা কতটা স্থিতিশীল? সেই বিষয়ে চর্চা শুরু হয়েছে।
হাসপাতালের চিকিৎসকদের থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, কিছুটা শারীরিক সমস্যার উন্নতি হয়েছে। গতকাল শুক্রবার হঠাৎ করেই রক্তের সুগারের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই পরিমাণ এখন অনেকটাই নেমে এসেছে। তবে হৃদযন্ত্রের অবস্থা কী, তা জানার জন্য বেশ কিছু পরীক্ষা করা হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের হৃদযন্ত্র কিছুটা দুর্বল। সেজন্য হল্টার মনিটরিং করতে চাইছেন চিকিৎসকরা৷ এছাড়াও গতকাল দেখা গিয়েছে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। এছাড়াও মন্ত্রীর কিডনির সমস্যাও আছে। সেইসবের অবস্থা জানার জন্য একাধিক রক্ত পরীক্ষা হবে বলে খবর।
আদালত থেকে জানানো হয়েছিল মন্ত্রীকে আলিপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। এইসময় মন্ত্রী নিজেই চিকিৎসার খরচ বহন করবেন। কিছুটা উন্নতি হলে তাঁকে আলিপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এমনই জানা গিয়েছে।
১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জ্যোতিপ্রিয় মল্লিক সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তারপরই ইডির হেফাজত শুরু হবে। এবার জ্যোতিপ্রিয় মল্লিক কতটা দ্রুত চিকিৎসায় সাড়া দেন। সেটাই দেখার বিষয়। এদিকে ইডি আধিকারিকরা আরও তথ্য প্রমাণ খোঁচার কাজ চালাচ্ছেন। মন্ত্রীর আপ্ত সহায়ককে ফের জিজ্ঞাসাবাস করা হচ্ছে।
এদিকে আরও একটি পদক্ষেপ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জ্যোতিপ্রিয় মল্লিক ও পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ফলে কোনওভাবেই আর সেইসব অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। তদন্তে অসহযোগিতা করা হচ্ছে। সেই কারণে এই পদক্ষেপ। এমনই ইডির তরফে জানা গিয়েছে।
কীভাবে মন্ত্রীর চিকিৎসার খরচ বহন করা হবে? কীভাবে মন্ত্রীর পরিবারের সদস্যরা আগামী দিনে চলবেন? সেই প্রশ্ন উঠছে। ইডির দাবি, দুর্নীতিতে টাকা নয়ছয় হয়েছে। মন্ত্রীর দুটি হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গিয়েছে। সেই চ্যাট তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমনই মত তদন্তকারীদের।












Click it and Unblock the Notifications