BJP Bandh: বিজেপির ডাকা বনধে উত্তেজনা অর্জুনের গড়ে, ভাটপাড়ায় চলল গুলি
ব্যারাকপুরের পর বিজেপির বনধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাটপাড়ায়। গুলি চলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এক বিজেপিকর্মীর কানে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তিনি বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডের গাড়ির চালক। তাঁকে ভাটপাড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং।
বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছেন, সাত রাউন্ড গুলি চালানো হয়েছে। বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এমনকী বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গাড়ির চালকের কান ছুয়ে বেরিয়ে গিয়েছে গুলি। গাড়ির সামনের কাচে গুলির চিহ্ন স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং।

একেবারে ফিল্মি কায়দায় গাড়ি ঘিরে গুলি চালানো হয়। পর পর গুলির ছুটে আসতে থাকে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে। বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছেন তাঁদের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে। আগে থেকেই শাসক দল সব পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেছেন অর্জুন সিং। ঘটনায় ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
এদিকে সকালে বিজেপি নেতা কৌস্তুভ বাগচী ব্যারাকপুর স্টেশনে রেল লাইনে নেমে মিছিল করেন। রেল লাইনে তাঁকে রীতিমতো ধাওয়া করে পুলিশ। স্টেশন চত্ত্বরে হুলুস্থূল পরিস্থিতি তৈরি হয়েছিল। কৌস্তুভ বাগচীর মিছিলের পাল্টা মিছিল করে তৃণমূল কংগ্রেস। রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় দুই পক্ষের। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। কৌস্তুভ বাগচিকে পুলিশের গাড়ি করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications