Exclusive: সন্ত্রাস মুক্ত ভোট হলে অভিষেকের জমানত জব্দ হবে! চ্যালেঞ্জ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর
যদি ভয় মুক্ত পরিবেশে ভোট হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমানত বাজেয়াপ্ত হবে। এদিন বিজেপির ডায়মন্ড হারবারে প্রার্থী তালিকা প্রকাশের পর ওয়ান ইন্ডিয়া বেঙ্গলিকে এমনটাই জানালেন অভিজিৎ দাস ববি।
প্রসঙ্গত, এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ডায়মন্ড হারবারে তাদের প্রার্থী হিসেবে অভিজিৎ দাস ববির নাম ঘোষণা করে। এই নামের সঙ্গে বিজেপি রাজ্যে ৪২ টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করল।

জেলার রাজনীতিতে পরিচিত মুখ
জেলা রাজনীতিতে পরিচিত মুখ অভিজিৎ দাস ববি একটা সময় বিজেপির জেলা সভাপতি ছিলেন। ২০০৯-এর পরে ২০১৪-তে তিনি ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ছিলেন। এলাকায় আরএসএসের পুরনো কর্মী অভিজির দাস ববি ডায়মন্ড হারবারে রাস্তাঘাট চেনেন বলেই দাবি করেছেন।
ধন্যবাদ সবাইকে
টিকিট পাওয়ার পরে প্রথম প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, দল তাঁকে দায়িত্ব দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে, তিনি সেই কাজ সম্পন্ন করবেন। বিজেপির মনোনয়ন পাওয়ার তিনি প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও, সিলেকশন কমিটির সভাপতি, বিরোধী দলনেতা, রাজ্যে দলের সাংগঠনিক প্রধান-সহ প্রত্যেককের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রণাম জানিয়েছেন।
সন্ত্রাস মুক্ত ডায়মন্ড হারবারের প্রতিশ্রুতি
বিজেপি প্রার্থী জানিয়েছেন, অভিষেকের মতো অভিশাপকে ডায়মন্ড হারবার থেকে হটিয়ে সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার তিনি সাধারণ মানুষকে দিতে চান। তাঁর প্রশ্ন ডায়মন্ড হারবারে কি নিরপেক্ষভাবে ভোট করতে দেবেন? তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, যদি করতে দেন, তাহলে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমানত জব্দ হবে। তাঁর দাবি, এলাকার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না। তিনি (অভিষেক) এলাকায় ভোট করতে দেন না বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।
গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ
তিনি অভিযোগ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ক্রিমিনাল বাহিনী ডায়মন্ড হারবারে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছেন। এলাকার মানুষ তাঁর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবেন বলেই মনে করেন অভিজিৎ দাস। তিনি বলেছেন, মোদীজির গ্যারান্টি হল বিকাশশীল ভারত, তাঁর গ্যারান্টি হল সন্ত্রাস মুক্ত ডায়মন্ড হারবার।
অভিজিৎ দাস ববি অভিযোগ করেছেন, তাঁকে দমন করতে, আমতলায় বাড়ির তিনশো মিটার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির দখল করা জায়গায় বিল্ডিং তৈরি করে সওকত মোল্লা গুণ্ডা বাহিনী নিয়ে রাখত।
বাম প্রার্থীকে গুরুত্ব কতটা?
প্রশ্নের উত্তরে অভিজিৎ দাস ববি বলেছেন, ওরা তো বিধানসভাতেই নেই। ওদের তো এখন মাইক্রোসকোপের তলায়! ওদের নিয়ে তিনি ভাবছেন না বলে জানিয়েছে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী।












Click it and Unblock the Notifications