বসিরহাট কেন্দ্রে ভোট, সন্দেশখালির বিচ্ছিন্ন দ্বীপে নৌকায় পৌঁছালেন ভোট কর্মীরা
জলে কুমির ডাঙায় বাঘের এলাকা। সপ্তম দফার ভোটে রাজ্যের একাধিক প্রত্যন্ত এলাকায় ভোট। সুন্দরবন লাগোয়া বিস্তীর্ণ এলাকায় ভোট আগামী কাল। ভোট করাতে নৌকায় পাড়ি জমালেন ভোট কর্মীরা।
আগামী কাল ১ জুন ভোট রাজ্যের নয়টি আসনে। বসিরহাট, মথুরাপুর কেন্দ্রতেও ভোট রয়েছে। এই দুই আসনই বাংলাদেশ লাগোয়া৷ দুই লোকসভা আসনের মধ্যেই সুন্দরবনের বাদাবনের অবস্থান।

বসিরহাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে যাওয়ার জন্য ব্যস্ততা দেখা গিয়েছে ভোট কর্মীদের। সকালের দিকেই কর্মীরা পৌঁছে যান ডিসিআরসি কেন্দ্রে। ইভিএম মেশিন, ভিভিপ্যাড, অন্যান্য সামগ্রী নিয়ে তারা রওনা হন।
নদীপথ পেরিয়ে যেতে হয় সন্দেশখালি, বসিরহাটের বিভিন্ন কেন্দ্রে। এরপর স্থলভাগের রাস্তা আছে। অনেকটা পথ পেরোতে হবে। সেজন্য আগেভাগেই ওই সব এলাকার ভোট কর্মীরা রওনা হয়েছেন এদিন।
ধামাখালি অঞ্চলের লঞ্চঘাটেও এদিন ভোট কর্মীদের ভিড় দেখতে পাওয়া যায়। তাদের জন্য লঞ্চ, নৌকার ব্যবস্থা আগে থেকেই ছিল৷ নির্দিষ্ট গন্তব্যের লঞ্চ, নৌকায় উঠে ভোট কর্মীরা রওনা দেন।
বসিরহাট লোকসভা কেন্দ্র এবার রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু। গোটা পশ্চিমবঙ্গে ভোটের ইস্যু হয়েছে সন্দেশখালি। তৃণমূল নেতা শেখ শাহজাহানের সাম্রাজ্যের হদিশের কথা পাওয়া যাচ্ছে। ইডি ও সিবিআই সন্দেশখালি ইস্যু নিয়ে তদন্ত করছে।
বিজেপি বসিরহাট লোকসভা কেন্দ্র এবার দখল করতে মরিয়া। শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত সন্দেশখালি ইস্যুতে আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন তৃণমূলের বিরুদ্ধে।
সেই সন্দেশখালিতে এবার ভোট। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই এই সন্দেশখালি বিধানসভা এলাকা পরে। এলাকার সাধারণ গৃহবধূ রেখা পাত্র এবার বিজেপির প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাঁর সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সভাতেও তাঁকে মঞ্চে দেখা গিয়েছে। এই অবস্থায় সন্দেশখালি নির্বাচনের দিন যথেষ্ট আতসকাঁচের তলায় থাকবে।
নদীপথে প্রত্যন্ত এলাকায় ভোট কর্মীরা পৌঁছেছেন। আগামী কাল ভোট প্রক্রিয়া সঠিক পথে চালানোর অন্যতম কান্ডারী তারাই থাকবেন। সন্দেশখালি বিধানসভা এলাকার বিভিন্ন দ্বীপ এলাকাগুলিতে ভোটের ৪৮ ঘন্টা আগে ভোট কর্মী, কেন্দ্রীয় বাহিনী পৌঁছালো নদীপথে।












Click it and Unblock the Notifications