খালি গায়ে গঙ্গাসাগরে ডুব দিলীপ ঘোষের, কুম্ভমেলার কেন্দ্রীয় সাহায্য নিয়ে ফের বিতর্ক
গঙ্গাসাগরে স্নান সারলেন দিলীপ ঘোষ। সাগরে গিয়েও রাজনৈতিক বিতর্ক জারি থাকল। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন প্রতি বছর। রাজ্য সরকারের তরফে বহু বছরের অভিযোগ, কেন্দ্র কোনও আর্থিক সাহায্য করে না। রাজ্যকেই একা এই মেলা পরিচালনা করতে হয়।
সেই বিষয়েই এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফের কুম্ভমেলা ও গঙ্গাসাগর মেলার পরিকাঠামো ও কেন্দ্রীয় সাহায্য নিয়ে বিতর্ক সামনে এল। গঙ্গাসাগর মেলার পরিকাঠামো আরও উন্নত হোক। কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই সাহায্য করবে। এই কথাই বললেন বিজেপি সাংসদ।

কুম্ভমেলার জন্য কেন্দ্রের তরফে আর্থিক সাহায্য আসে। সুযোগসুবিধা দেওয়া হয়। কিন্তু এই গঙ্গাসাগর মেলার দিকে কেন্দ্রীয় সরকার তাকায় না। এই অভিযোগ বরাবরের। বুধবার সকালে দিলীপ ঘোষ গঙ্গাসাগর গিয়েছিলেন। সেখানেই তিনি এই বিতর্ককে ফের উসকে দিয়েছেন।
কুম্ভমেলার মতো পরিকাঠামো হোক গঙ্গাসাগর মেলার। কুম্ভমেলা আন্তর্জাতিক মেলা। কেন্দ্রীয় সরকারও আর্থিক সাহায্য করবে রাজ্যকে। কেন্দ্রীয় সরকার টাকা দিতে চায়। রাজ্য সরকার কাজ করছে। আরও ভালো কাজ করুক। ব্যবস্থা করুক। নিশ্চিতভাবে কেন্দ্রের আর্থিক সাহায্য আসবে। গঙ্গাসাগর মেলায় দুর্ঘটনা ঘটে। মানুষ ভয়ে আসতে চায় না। কুম্ভমেলার অত জনসমাগম হয়। কিন্তু কোনও দুর্ঘটনার খবর আসে না। এই বিষয়গুলো এই রাজ্য সরকারকেও দেখতে হবে।
সরকারি কর্মীদের কেন বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না? সেই বিষয় নিয়েও প্রশ্ন ছুঁড়েছেন দিলীপ। গঙ্গাসাগর মেলার পূণ্যস্থানে গিয়েছেন দিলীপ ঘোষ। বুধবার সকালেই সাগরে স্নান সারেন তিনি। কপিল মুণির আশ্রমে পুজো দিয়েছেন সাংসদ।
মেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন তিনি। পরিকাঠামো, কাজকর্ম সম্পর্কে দৃষ্টি দেন তিনি। রাস্তাঘাট হচ্ছে। গঙ্গাসাগর পৌঁছানো আগের থেকে সহজ হচ্ছে। আরও উন্নত পরিষেবা, ব্যবস্থা দিতে হবে। এমনই মনে করছেন দিলীপ।
সাত সকালেই সাগরে স্নান করতে নামেন তিনি। খালি গায়েই নেমে যান জলে। সাংসদকে দেখে অনেকেই সেলফি তুলতে চান। আপত্তি করেননি তিনি। কোন দিক থেকে ছবি ভালোভাবে তোলা যাবে, তাও জানান। মা গঙ্গার পাশাপাশি নরেন্দ্র মোদীর জয়, স্লোগানও দেন তিনি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও গঙ্গাসাগর রওনা হয়েছেন। কলকাতা থেকে আজ সকালে লঞ্চে গঙ্গাপথে পাড়ি দেন তিনি।












Click it and Unblock the Notifications