আজ সন্দেশখালিতে সিপিএমের সভা, এদিকে ফেরিঘাট এলাকাতেই জারি ১৪৪ ধারা
সন্দেশখালিতে আবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ সোমবার সন্দেশখালিতে সিপিএমের সভা রয়েছে। সোমবার সকাল থেকেই ১৪৪ ধারা জারির কথা শোনা গিয়েছে। ধামাখালি ফেরিঘাট এলাকাতে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা।
ফেরিঘাট চত্বরে কেন ১৪৪ ধারা জারি করা হল? তাহলে কি সিপিএমের কর্মী সমর্থকদের যেতে বাধা দেওয়া হবে? সিপিএমের সভা ঘিরে নতুন করে সমস্যা দেখা দেবে ওই এলাকায়? জানা যাচ্ছে, আজ দুপুরে সন্দেশখালির সামাজিক শিক্ষা কেন্দ্রের মাঠে ওই সভা হবে। ফেরিঘাট থেকে হাঁটা পথে কয়েক মিনিট দূরত্ব।

তাহলে কি এই সভা ঘিরে এখন নতুন করে জল্পনা বাড়বে? জানা গিয়েছে, পুলিশ এই সভার কোনও লিখিত অনুমতি দেয়নি। মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। মঞ্চ বাঁধার কাজ চলেছে দিন কয়েক ধরে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে কোনও বাধা আসেনি। এই অবস্থায় কী হবে? লিখিত অনুমতি না থাকলে পুলিশ এই সভা বন্ধ করতে পারে। এমন মত রাজনৈতিক মহলের একাংশের।
তাহলে কি সভার আগে বিবাদ দেখা দেবে? কেনই বা নতুন করে ১৪৪ ধারা জারি করা হল এইসব এলাকায়? সন্দেশখালির একাধিক জায়গায় আগেই তো ১৪৪ ধারা রদ করা হয়েছিল। পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নত। তাহলে কেন পুলিশ প্রশাসন এই সিদ্ধান্ত নিল? সেই প্রশ্ন উঠছে।
গতকাল রবিবার কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপি সন্দেশখালিতে সভা করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন ওই সভায়। সন্দেশখালিতে লক্ষ লক্ষ ভোটের লিড এবার দিতে হবে। এমন বক্তব্য বিজেপি নেতাদের।
একদিন পরেই সিপিএমের সভা। এলাকায় লাল পতাকা দেখতে পাওয়া যাচ্ছে। সভা করার প্রস্তুতিও নিয়ে ফেলেছে সিপিএম। কিন্তু এই ১৪৪ ধারা জারি করায় তাল কাটতে শুরু করেছে। প্রশাসনের দাবি, এলাকায় যাতে কোনওরকম অশান্তি না ছড়ায়। সেজন্যই এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সন্দেশখালিতে এদিন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেবলীনা হেমব্রম সহ অন্যান্য সিপিএম নেতারা বক্তব্য রাখবেন। সন্দেশখালি এক সময় সিপিএমের ঘাঁটি ছিল। সেখানে তৃণমূল জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ। তাহলে কি ফের নতুন করে জমি ফিরিয়ে নেওয়ার চেষ্টা শুরু করবে সিপিএম?
১৪৪ ধারা জারি থাকলে কীভাবে সন্দেশখালি যাওয়া সম্ভব? প্রশ্ন উঠছে। কারণ, কলকাতা থেকে ধামাখালি পৌঁছে ফেরিঘাট পেরোতে হয়। ওপাড়ে সন্দেশখালি। কাজেই ফেরিঘাট এলাকাতেই যদি ১৪৪ ধারা জারি হয়। তাহলে কীভাবে সিপিএমের নেতা কর্মী সমর্থকরা সন্দেশখালি যাবেন? শুরু হয়েছে চর্চা।












Click it and Unblock the Notifications