এবার অভিযোগ শেখ শাহজাহানের ভাই সিরাজের নামে, প্রতিবাদ মহিলাদের
সন্দেশখালিতে সাধারণ মানুষের প্রতিবাদ আরও জোরালো হচ্ছে। শেখ শাহজাহানকে গ্রেফতার করার দাবি সন্দেশখালির আকাশে বাতাসে। জল জমি জঙ্গলের এলাকায় এখন পুলিশের ভারী বুটের শব্দ। তার মধ্যেই ফের নতুন করে উত্তপ্ত সন্দেশখালি। এবার আরও এক নাম উঠে এল। সিরাজ।
সিরাজ একইভাবে এলাকায় রাজ করে। সন্দেশখালির আশেপাশের বহু এলাকা সে দখল করেছে। ভেরি, চাষজমি দখল করে নেওয়া, সাধারণ মানুষদের উপর অত্যাচার। একের পর এক অভিযোগ তার নামে।

কিন্তু কে এই সিরাজ? উত্তর শুনলে চমকে যেতে হয়। কারণ এই ব্যক্তি কেউ নন। সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের ভাই। তার বিরুদ্ধে কার্যত অভিযোগ উঠে আসছে সন্দেশখালিতে। বুধবার সন্দেশখালিতে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার সকালে তিনি সন্দেশখালি থেকে কলকাতা ফিরেছেন।
সেই সময় ফের নতুন করে উত্তপ্ত হয়েছে এলাকা৷ এবার বেড়মজুর, ঝুপখালি এলাকায় সাধারণ মানুষ সরব হয়েছে। আলাঘরে আগুন লাগানোর ঘটনাও শোনা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যাপক পুলিশবাহিনী যায়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে।
সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এইসব এলাকাতেও রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মহিলারা। পুলিশ এতদিন কোথায় ছিল? তারা কেন ব্যবস্থা নেয়নি? সেই ক্ষোভ সাধারণ মহিলাদের মুখে। তারা সমস্বরে গর্জে উঠছে। তাদের জমি পুকুর নিয়ে নেওয়া হয়েছে। দিনের পর দিন ধরে পুলিশ কোনও ব্যবস্থা কেন নেয়নি? এমন অভিযোগের সামনে এসেছে।
পুলিশের পক্ষ থেকে অভিযোগ জমা দিতে বলা হয়েছে মানুষকে। বৃহস্পতিবার দুপুরে সব এলাকা রীতিমতো উত্তেজনায় ভরা। শেখ শাহজাহানের সঙ্গে সমানভাবে সিরাজও কি এই মৌরসিপাট্টা চালাত? এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে।
ডিজিপি রাজীব কুমার সন্দেশখালি ছাড়ার আগে জানিয়েছেন অপরাধীদের গ্রেফতার করা হবে। ৪৯ দিন হয়ে গিয়েছে অধরা রয়েছে শেখ শাহজাহান। এবার তার পরিবারের সদস্যদের নামও উঠে আসছে। অভিযোগের তালিকায় পুলিশ কখন ব্যবস্থা নেবে? প্রশ্ন উঠছে মানুষের মধ্যে।












Click it and Unblock the Notifications