দত্তপুকুর লোকালে ব্যাগের ভেতরে শিশুর কান্না, বিরাটি স্টেশনে ধুন্ধুমার কাণ্ড
সকাল থেকেই বিরাটি স্টেশনে ধুন্ধমার কাণ্ড। দত্তপুকুল লোকালে হঠাৎই একটি ব্যাগের মধ্য থেকে শিশুর কান্না শুনতে পান যাত্রীরা। সঙ্গে সঙ্গে সেই ব্যাগ হাতে নিয়ে তাকা মহিলাকে ধরে ফেলেন যাত্রীরা। বিরাটি স্টেশনে ট্রেন থামিয়ে জিআরপির হাতে তুলে দেওয়া হয় সেই মহিলা এবং শিশুকে।
কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে শিয়ালদহ স্টেশনে কেন পুলিশের নজর এড়িয়ে গেল। কীভাবে ব্যাগের মধ্যে ছোট্ট শিশুকে নিয়ে মহিলা ট্রেনে চাপলেন। এই নিয়ে বিরাটি স্টেশন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে পুলিশ লাঠি চার্জ করে। লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শিয়ালদহগামী দত্তপুকুল লোকালে একটি বাজারের ব্যাগ নিয়ে উঠেছিলেন ওই মহিলা। ব্যাগটি নাড়াচাড়া করছে দেখে সন্দেহ হয় যাত্রীদের। তারপরেই ভেসে আসে শিশুর কান্না। সঙ্গে সঙ্গে মহিলাকে পাকড়াও করেন যাত্রীরা। শিশু পাচারকারী সন্দেহে যাত্রীরা ট্রেনের ভেতরেই মহিলাকে মারধর করতে শুরু করেন।
পরে মহিলাকে বিরাটি স্টেশনে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। শিশুটির পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যেই মহিলাকে আটক করে বিরাটি জিআরপি জেরা করছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিরাটি স্টেশনে্ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। তার জেরে দীর্ঘক্ষণ অফিস টাইমে ট্রেন চলাচল ব্যহত হয়েছে।
সম্প্রতি উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটছে। বারাসত, অশোকনগর, বনগাঁ, গাইঘাটা, খড়দহ সহ একাধিক জায়গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে। হোয়াটস অ্যাপ মেসেজে ছেলেধরা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই এই গুজব ছড়ানোর ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications