আট দিন নিখোঁজের পর মিলল দেহ, নিউটাউনে 'খুন' বাংলাদেশের সাংসদ?
বাংলাদেশের সাংসদের মৃতদেহ উদ্ধার হল কলকাতার উপকণ্ঠে নিউটাউন এলাকায়। গত ১২ তারিখ তিনি চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। ১৪ তারিখ থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। মৃত ওই সাংসদের নাম আনোয়ার উল আজিম।
১৪ তারিখ থেকেই আর ওই সাংসদের কোনও খোঁজ পাওয়া যায়নি। আজ বুধবার সাংসদের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিউটাউনের একটি বিলাসবহুল আবাসনে থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাকে খুন বলে মনে করছে পুলিশ।

সাংসদ আনোয়ারুল আজিম বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের সদস্য৷ তিনি খুলনার ঝিনাইদহ এলাকার চার বারের সাংসদ। ভারতে এসে তার মৃত্যুর ঘটনা অন্য দিকে মোড় নিচ্ছে। এমনই কথা মনে করছে কূটনৈতিক মহল। ভারত ও বাংলাদেশের বিদেশ দফতরের মধ্যে যোগাযোগ চলছে। কলকাতার বাংলাদেশ হাই কমিশনারের অফিসেও বিষয়টি নিয়ে তথ্যতালাস চলছে বলে খবর।
গত ১২ তারিখ তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। এখানে তার চিকিৎসা করানোর কথা ছিল। কলকাতার বরাহনগর এলাকায় দীর্ঘ দিনের এক পরিচিতের বাড়িতে তিনি উঠেছিলেন। ১৪ তারিখ তিনি সেখান থেকে বেরোন। কিন্তু আর ফেরেননি৷
ওই ব্যক্তি সাংসদকে ফোন করলে মোবাইল সুইচড অফ পান। তিনি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। বাংলাদেশের পরিবারের সদস্যরাও তাকে ফোন করে পায়নি৷ বিগত দিনগুলোতে মোবাইল ফোন বন্ধই ছিল। সাংসদের খোঁজে শুরু হয় তল্লাশি।
আজ বুধবার সকালে তার মৃতদেহ অবশেষে উদ্ধার হল৷ এখানেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে৷ কারণ, তদন্তকারীদের প্রাথমিক অনুমান তিনি খুন হয়েছেন। বাংলাদেশের সাংসদ নিউটাউনের ওই বিলাসবহুল আবাসন ভাড়া নেন। তারপর থেকেই আর সাংসদের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেননি৷
তিনি যখন ওই আবাসনে ওঠেন, সঙ্গে ছিল একজন মহিলা সঙ্গী। এছাড়াও আরও বেশ কয়েক জন ছিল বলে খবর। আর এখানেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তবে কারা খুন করল? কেনই বা খুন করল? এই খবর লেখা পর্যন্ত তা স্পষ্ট নয়।
ইতিমধ্যে নিউটাউন থানার পুলিশ, বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, এইচডিএফ আধিকারিকরা তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে আবাসনে সিসিটিভি ফুটেজ।












Click it and Unblock the Notifications