এগরার পর এবার বজবজ! বাজি কারখানায় বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু তিনজনের
এগরা বিস্ফোরণের রেশ এখনও কাটেনি! ফের বিস্ফোরণ বাজি কারখানাতে। এবার ঘটনাস্থল বজবজ। আর এই ঘটনায় মর্মান্তিক মৃত্যু তিনজনের। আহত আরও বেশ কয়েকজন।
রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বজবজের নন্দরামপুর দাসপাড়া এলাকায়। ঘটনার পরেই বিধ্বংসী আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। এগরার ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি।

আর এই অবস্থায় ফের বাজি কারখানায় বিস্ফোরণ ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বেআইনি ভাবেই বাজি কারখানাটি চলছিল। বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে বলে দাবি স্থানীয়দের। বাড়িটির উপরে দোতলায় কাজ হচ্ছিল।
পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলছে। তাদের মধ্যে একজন নাবালিকা বলেও জানা গিয়েছে। শুধু তাই নয়, মৃতের তালিকায় ওই বাড়িটির গৃহবধূ এবং তাঁর শিশুও রয়েছে বলে খবর। মৃতদের একজনের নাম পম্পা হাটি এবং জয়শ্রী হাটি বলে জানা গিয়েছে। বাড়ির মধ্যে কীভাবে বাজিউ কারখানা চলত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে।
যদিও প্রশাসনের দাবি, এটা বাজির কারখানা নয়। মজুত করে বাজি রাখা হয়েছে। এমনকি কোনও বিস্ফোরণ নয় বলেও দাবি পুলিশ প্রশাসনের। কোনও কারণে ঘরে আগুন লেগে যায়। আর এর ফলেই এই ঘটনা বলে দাবি করা হয়েছে। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা যাবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
তবে প্রাথমিক অনুমান, আগুন লাগার ঘটনার ফলে বাড়ি একাংশে টিন ভেঙে পড়ে। আর তাতে দুজন আটকে পড়ে ভিতরে। আর এর ফলে মৃত্যু বলে বলে মনে করা হচ্ছে। আজ ঘটনাস্থলে যাবেন পুলিশ এবং ফরেন্সিকের আধিকারিকরা। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা হবে।

অন্যদিকে সাধারণ বাসিন্দাদের দাবি, এই বাড়িটিতে বাজি তৈরি হতো। তুবড়ি বানানোর কাজ হতো। স্থানীয়দের একাংশের দাবি, বিস্ফোরণের শব্দ তাঁরা শুনতে পেয়েছেন। তবে এই ঘটনার পরেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে বোমা তৈরির কাজ চলছে। আর তাতেই এই ঘটনা। অন্যদিকে বারুদের স্তূপে বাংলা! কটাক্ষ বামেদের। যদিও এই বিষয়ে তদন্ত শেষ কথা বলবে বলে মত শাসকদলের।












Click it and Unblock the Notifications