Arjun Singh: হঠাৎ বাম নেতার বাড়িতে অর্জুন সিং, ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে ঘিরে নতুন জল্পনা
ব্যারাকপুরে সেই অর্জুনেই ভরসা রেখেছে বিজেপি। গতকাল সকালে হোলি খেলতে খেলতে প্রচারের ময়দানে দেখা গিয়েছে তাঁকে। এরই মধ্যে আবার তিনি হাজির হয়ে গিয়েছিলেন সিপিএম নেতা তড়িৎ তোপদারের বাড়িতে। বাম জমানায় ব্যারাকপুর এলাকার দাপুটে সিপিএম নেতা তড়িৎ তোপদার।
হঠাৎ করে অর্জুন সিংয়ের তাঁর বাড়িতে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বাম জমানার অবসানের সঙ্গে সঙ্গে আর তড়িৎ তোপদারকে দেখা যায়নি রাজনীতির ময়দােন। তাহলে হঠাৎ করে তাঁর কাছে কেন ছুটে গেলেন অর্জুন সিং। এমনকী তড়িৎ তোপদারকে পায়ে হাত দিয়ে প্রণামও করেছেন তিনি। অর্জুন যদিও এতে কোনও রাজনীতিক সমীকরণ নেই বলেই জানিয়েছেন। অভিজ্ঞ রাজনীতিকের কাছে আশির্বাদ নিতে এসেছিলেন বলে জানিয়েছেন তিনি।

যদিও গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তীও হাজির হয়েছিলেন তড়িৎ তোপদারের বাড়িতে। তাঁর কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছেন বলে জানিয়েছিলেন তিনি। আবার অর্জুনের সঙ্গে তড়িত তোপদারের বৈঠককে খুব একটা সুবিধার চোখে দেখছে না রাজনৈতিক মহল। বিজেপি প্রার্থী অবশ্য দাবি করেছেন তাঁর কাছে আগেও এসেছেন এবার প্রথম নয়। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকও গিয়েছিলেন বাম নেতার বাড়িতে আশীর্বাদ নিতে।
বারবার দলবদলের পরেও অর্জুনকে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। একুশের বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অর্জুন। কিন্তু লোকসভা ভোটের টিকিট না পেয়ে ফুঁসে উঠেছিলেন তিনি। প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসে গিয়ে তিনি ভুল করেছিলেন বলে প্রকাশ্যেই স্বীকার করেন অর্জুন।
তারপরেই আবার ফের দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। এবং বরাত জোড়ে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি তাঁকেই টিকিট দেয়। অন্যদিকে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে পার্থ ভৌমিক। অভিষেক ঘনিষ্ঠ নেতা তিনি। পার্থকে ব্যারাকপুর কেন্দ্রে লক্ষাধিক ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। এমনকী সন্দেশখালি কাণ্ডে ধৃত শাহজাহান শেখের সঙ্গে পার্থ ভৌমিকের যোগাযোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।
গতকাল নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন অর্জুন সিং। নিজের কেন্দ্রে সাধারণ বাসিন্দাদের সঙ্গে হোলি খেলে প্রচার করেন তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকও খোল বাজিয়ে রাস্তায় ঘুরে ঘুরে হোলি খেলতে খেলতে প্রচার করেন। অর্জুন সিংয়ের হুঁশিয়ারিতে তিনি বিন্দুমাত্র ভিত নন বলে জানিয়েছেন ব্যারাকপুরের মানুষ তাঁর সঙ্গে রয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেস প্রার্থীর।












Click it and Unblock the Notifications