আজই বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিং, ব্যারাকপুরে প্রার্থী হবেন তিনি?
আজই বিজেপিতে যোগ দিচ্ছেন অর্জুন সিং। সাংবাদিক সম্মেলন করে বৃহস্পতিবার এই কথা জানিয়ে দিলেন ব্যারাকপুরের 'বাহুবলী' সাংসদ। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর তাঁর কোনও সম্পর্ক নেই। এখন তাঁর গেরুয়া শিবিরে যাওয়ার অপেক্ষা।
অর্জুন সিংকে নিয়ে বাংলার রাজনৈতিক মহলে চর্চা চলছিল বেশ কয়েকদিন ধরেই। তৃণমূলের টিকিট পাননি তিনি। তারপরেই অর্জুন সিং বিদ্রোহী হয়ে উঠেছিলেন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হতে চান। এই দাবি তিনি করেন। শুধু তাই নয়, বিজেপির নেতৃত্বর সঙ্গেও তাঁর কথাবার্তা চলে। এমন জানা গিয়েছে।

গতকাল ভার্চুয়াল মাধ্যমে দিল্লি নেতৃত্বের সঙ্গে সিংয়ের কথা হয়। সেখানেই তিনি মৌখিকভাবে যোগদান করেন। এই নিয়ে গুঞ্জন চলছিল বৃহস্পতিবার সকাল থেকে। লক্ষ্মীবারের দুপুরে অর্জুন সিং সাংবাদিক সম্মেলন করেন। তিনি আজই বিজেপিতে যোগ দিচ্ছেন আনুষ্ঠানিকভাবে। সব নিয়ম মেনে তিনি বিজেপিতে চোখ দেবেন।
আরও একজন হেবিওয়েট বিজেপিতে আজই যোগ দেবেন বলে খবর। সেই কথা অর্জুন সিং নিজেই জানিয়েছেন। তিনি কে? সেই ব্যাপারে কথা বলতে চাননি অর্জুন। কলকাতা না কি দিল্লি? কোথায় অর্জুন সিং যোগ দেবেন? সেই প্রশ্ন করা হয়। সেই ব্যাপারে পরিষ্কার জানাননি ব্যারাকপুরের সাংসদ। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব যা বলবেন, সেইমতোই যোগদান হবে। দিল্লিতে যোগদান হতে পারে।
ব্যারাকপুর তিনি কি বিজেপির প্রার্থী হবেন? এই জল্পনা আরও জোড়ালো হল। যদিও অর্জুন জানিয়েছেন, নেতৃত্ব ঠিক করবেন তিনি প্রার্থী হবেন কী না। তবে জানা যাচ্ছে, অর্জুন সিং বিজেপির প্রার্থী হতে পারেন। তৃণমূলের দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে অর্জুন মুখ খুলেছেন। এ দিন সাংবাদিক সম্মেলনে সেইসব কথা বলেছেন।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের থেকে টিকিট চেয়েছিলেন অর্জুন সিং। কিন্তু তৃণমূল শেষ সময়ে তাঁকে পাশে সরিয়ে দেয়। তৃণমূলের টিকিটে এবার ব্যারাকপুরে লড়াই করছেন পার্থ ভৌমিক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পার্থকে গতকাল সার্টিফিকেটও দিয়েছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অর্জুন সিং বিজেপির সাংসদ। তিনি বিজেপি থেকে জিতে সাংসদ হয়েছিলেন। এই ব্যাপারে তাঁর কিছু বলার নেই। এবারে অর্জুন সিং কী করবেন? তাই নিয়ে শুরু হয়েছিল জল্পনা।
বঙ্গ বিজেপিতে অর্জুন সিংয়ের পক্ষে সওয়াল করছিলেন শুভেন্দু অধিকারী। যদিও সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা নিমরাজি ছিলেন বলে খবর। তাঁরা দলীয় সিদ্ধান্তের দিকেই ছেড়ে দিয়েছিলেন। অর্জুন সিংয়ের দলবদল নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ ছিল শুরু থেকেই। এবার ফের তিনি বিজেপিতে যোগদান করবেন। এই কথা সামনে আসার পরেই জোর চর্চা শুরু হয়ে যায়।












Click it and Unblock the Notifications