Arjun Singh: টিকিট না পেয়ে রাগে ফুঁসছেন অর্জুন, দেবকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন তৃণমূল নেতা
চমকের পর চমক। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় একের পর এক চমক। ব্যারাকপুর কেন্দ্রে অর্জুনকে বাদ দিয়ে অভিষেক ঘনিষ্ঠ পার্থ ভৌমিককে প্রার্থী করা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। রাগে ফুঁসতে শুরু করে দিয়েছেন অর্জুন সিং।
গতকাল থেকেই ফের তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়েছে। শোনা যাচ্ছে আজ দুপুরেই নাকি তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সকাল থেকে দফায় দফায় অনুগামীদের নিয়ে বৈঠক করছেন তিনি। তারমধ্যে তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে ছাড়েননি তিনি। অভিনেতা দেবকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অর্জুন সিং।

আজই হয়তো বিজেপিতে ফিরবেন অর্জুন সিং। দুপুরের পরেই জানা যাবে তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত। গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। তারপরেই আবার বিধানসভা নির্বাচনের আগে ফিরে আসেন তৃণমূল কংগ্রেসে। অভিষেকের হাত ধরেই তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছিল। কিন্তু তারপর থেকে এক প্রকার গুরুত্বহীন অবস্থাতেই পড়েছিলেন তিনি। এই নিয়ে ক্ষোভ জমছিল।
কিন্তু গতকাল লোকসভা ভোটের প্রার্থী তালিকায় তাঁর নাম না দেখে রাগে ফুঁসতে শুরু করেছেন ব্যারাকপুরের এই দোর্দণ্ড প্রতাপ নেতা। গতকাল প্রকাশ্যেই শাসক দলের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। অর্জুন সিং বলেছেন, টিকিট পাবেন না জানলে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতেন না। এক কথায় শাসক দলের চাপেই তিনি ফুল বদল করেছিলেন বলে অভিযোগ করেছিলেন।
আর এই রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং নিয়ে বলতে নিয়েই এক কথায় শাসক দলকে নিয়ে হাটে হাঁড়ি ভেঙেছেন অর্জুন। প্রকাশ্যেই তিনি দাবি করেছেন শুধু তিনি নন আরও তৃণমূল কংগ্রেসে নেতা ভোট দিয়েছিলেন দ্রৌপদী মুর্মুকে। আর তিনি আর কেউ নন অভিনেতা দেব। ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দেবও নাকি সেসময় NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুকেই ভোট দিয়েছিলেন।
লোকসভার শেষ অধিবেশনের আগে অভিনেতা দেবকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। দেব নাকি বিজেপি কোন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেই অডিও টেপ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপরে রাজনীতি ছাড়ারও ইঙ্গিত দিয়েছিলেন দেব। কিন্তু দেবকে ছাড়তে একেবারেই রাজি ছিল না শাসক দল। তড়ঘড়ি তাঁকে নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আবার দেবকেই ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী করা কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।
তারপরেই দেবকে নিয়ে এই বিস্ফোরক দাবি রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু অধিকারী আগে একবার বলেছিলেন যে অর্জুন সিং নাকি দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন। এবার অর্জুন নিজেই সেকথা স্বীকার করে নিয়েছেন। শুধু স্বীকারই করেননি দেবের নাম করে শাসক দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications