তিন বছর আগে ডাক দিয়েছিলেন মমতা, দরজা খুললেই বিজেপি ফাঁকা, দাবি অভিষেকের
তিন বছর আগে ঘরছাড়াদের ঘরে ফেরার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই তিন বছরে সবাই ঘরে ফিরে আসছেন। তৃণমূল কর্মীরা দলের সম্পদ। তাঁরা আবার তৃণমূলে ফিরে আসছেন, তৃণমূল কংগ্রেস সমৃদ্ধ হচ্ছে।
তিন বছর আগে ঘরছাড়াদের ঘরে ফেরার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই তিন বছরে সবাই ঘরে ফিরে আসছেন। তৃণমূল কর্মীরা দলের সম্পদ। তাঁরা আবার তৃণমূলে ফিরে আসছেন, তৃণমূল কংগ্রেস সমৃদ্ধ হচ্ছে। অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পর বারাকপুরে প্রথম সভা করে অভিষেক বললেন, তৃণমূল দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে।

অর্জুন সিংয়ের তিন বছরের মধ্যেই মোহভঙ্গ হয়েছে। তিনি বুঝেছেন বিজেপি কী জিনিস। তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন। ওরা বাংলার জন্য কিছু করবে না। ওই দলটায় কিছু নেই। শুধু এজেন্সি আছে আর টাকা আছে। তা দিয়েই ওরা ধরাকে সরা জ্ঞান করছে। কিন্তু ওদের সঙ্গে মানুষ নেই। অভিষেক চাঁছাছোলা ভাষায় নিশানা করলেন বিজেপিকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাকপুরের শ্যামনগরের সভায় দাঁড়িয়ে বলেন, তৃণমূলে এক নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় আর দু-নম্বরে দলের কর্মীরা। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক। আমরা সবাই কর্মী। কোনও তৃণমূল কর্মীর গায়ে আঁচড় পড়লে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলবেন না।
অভিষেক বলেন, অনেক গদ্দার, অনেক মীরজাফর, অনেক ভালো নেতা-নেত্রীও লাইনে আছে। আমরা যদি দরজা খুলি, বিজেপি ফাঁকা হয়ে যাবে। আপানারা বললেই দরজা খোলা হবে, তা না হলে দরজা বন্ধ থাকবে। তিনি দলের নেতা-কর্মীদের উপর ছাড়েন দরজা খোলার বিষয়টি। কর্মীরা চাইছেন না বলেই দরজা বন্ধ রাখা হচ্ছে।
আপাতত বিজেপিকে আসন্ন নির্বাচনে সাফ করার কথা বলেন অভিষেক। অভিষেক বলেন, জেলার পাঁচটি কেন্দ্রেই জয়ের লক্ষ্যমাত্রা স্থির করতে হবে। পাঁচটি কেন্দ্র জিতেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। বিজেপির চিহ্নও থাকবে না এই জেলায়। বারাকপুর তৃণমূলে হাতে এসেছে অর্জুন সিংয়ের ঘর ওয়াপসির সঙ্গে সঙ্গে। এবার উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে বিজেপির নামগন্ধ থাকবে না।
অভিষেকের সভার আগে শ্যামনগরে বক্তব্য রাখেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিং। এদিন তিনি আভাস দেন, আরও অনেক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রয়েছে। এদিনের সভায় অনেকে যোগদান করতে পারেন বলে মনে করা হয়েছিল। কিন্তু তৃণমূলের তরফে সবুজ সংকেত না মেলায় এখনই যোগদান প্রক্রিয়া হচ্ছে না। তবে শীঘ্রই যে বিজেপিতে ভাঙন ধরতে চলেছে, তার পূর্ণ আভাস পাওয়া গিয়েছে অর্জুনের কথায়।












Click it and Unblock the Notifications