Vikrant Massey: অবসর না বিশ্রামে যাচ্ছেন অভিনেতা, ভুল ভাঙলেন অনুরাগীদের
বিক্রান্ত ম্যাসি গতকাল তাঁর একটি পোস্টে সকলের মন খারাপ করে দিয়েছিলেন। বছর শেষে এই ভাবেই অনুরাগীদের মন ভেঙে দিয়েছিলেন অভিনেতা। যা কল্পনা করেনি কেউ তেমনই বার্তা দিয়েছিলেন নিজের ইন্সটাগ্রাম পেজে। যখন কেরিয়ারের একেবারে শীর্ষে রয়েছেন তিনি, ঠিক তখন তিনি ঘোষণা করেন তাঁর অবসরের কথা।
কিনা, 'অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি। এবার সময় দেবেন নিজের সন্তান, নিজের পরিবারকে'। যা দেখে বহু অনুরাগীরই মন খারাপ হয়ে যায়। তবে সেই পোস্টের ২৪ ঘন্টা কাটার আগেই আসল বিষয়টি প্রকাশ্যে এলো। যা নিজেই অভিনেতা প্রকাশ্যে আনলেন।

যখন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সরগরম বি টাউন ইন্ডাস্ট্রি, ঠিক সেই সময়ই সবার ভুল ভেঙে দিলেন বিক্রান্ত। না, অভিনেতার এই পোস্ট একেবারেই কোনও তাঁর আসন্ন সিনেমার প্রমো নয়, বরঞ্চ তাঁর বার্তার ভুল ব্যাখ্যা বলেই উল্লেখ করেছেন বিক্রান্ত ম্যাসি।
সম্প্রতি তাঁর অবসর নেওয়ার পোস্ট দেখা মাত্রই বিক্রান্তের একান্ত সাক্ষাৎকার নিতে চায় অনেক সংবাদমাধ্যমই। তেমনই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিক্রান্ত ম্যাসি জানান, তিনি অবসর নিচ্ছেন এমনটা তিনি তাঁর পোস্টে বলেননি। তিনি নিছকই বিরতি নিচ্ছেন। টানা কাজের পর শুধু মাত্র কিছুদিনের জন্যে তিনি বিশ্রামে যাচ্ছেন। তবে তাঁর মানে একদমই এই নয় যে, তিনি চিরতরে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানাচ্ছেন। তাঁর অনুরাগীরা তাঁর এই বার্তার ভুল ব্যাখ্যা করেছেন।
প্রসঙ্গত, ১ ডিসেম্বর বিক্রান্ত ম্যাসি সকলকে চমকে দিয়ে ঘোষণা করেন, যে অভিনয়কে বিদায় জানাচ্ছেন তিনি। নিজের ইন্সটাগ্রাম পেজে তিনি লেখেন, "হ্যালো, বিগত কিছু বছর অনবদ্য ছিল। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু জীবনের পথে এগিয়ে আমি অনুভব করেছি যে সময় এসেছে ঘরে ফেরার। স্বামী হিসাবে, বাবা হিসাবে এবং একজন ছেলে হিসাবে। তাই আগামী ২০২৫ সালে শেষ একবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সকলকে সবকিছুর জন্য ধন্যবাদ। সকলের কাছে কৃতজ্ঞ থাকবো আমি"।
তাঁর এই পোস্টের পরই যত ঝড় ওঠে। এমনকি গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে একসাথে সিনেমা দেখতেও দেখা যায় অভিনেতাকে। তবে এবার সকলের মন খারাপ দূর করে ভালো খবর শোনালেন অভিনেতা। বিশ্রামে গেলেও ভবিষ্যতে পুনরায় মুগ্ধ হওয়া যাবে বিক্রান্তের অভিনয়ের জাদুতে, অন্তত এখন সেটাই স্পষ্ট করেছেন অভিনেতা।












Click it and Unblock the Notifications