প্রাক্তন মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার-সহ ১০ টি দৃশ্য অপসারণ! দ্য কেরালা স্টোরিকে 'এ' শংসাপত্র সেন্সর বোর্ডের
নানা বিতর্কের মধ্যেই ৫ মে মুক্তি পেতে চলেছে হিন্দি চলচ্চিত্র দ্য কেরালা স্টোরি। ছবিটির পরিচালক সুদীপ্ত সেন। গতবছর এর টিজার লঞ্চের পর থেকেই খবরের শিরোনামে চলে আসে এই চলচ্চিত্রটি। তবে সেন্সর বোর্ড 'এ' সার্টিফিকেট দিয়ে ছবিটি মুক্তির অনুমতি দিয়েছে।
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এই চলচ্চিত্রের ১০ টি দৃশ্য বাদ দিয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দনের একটি সাক্ষাৎকার। বাদ দেওয়া অংশের মধ্যে রয়েছে হিন্দু দেবতার সংলাপের অংশ। এছাড়া একটি সংলাপে ভারতীয় কমিউনিস্টরা সবচেয়ে বড় ভন্ড অংশে ভারতীয় শব্দ বাদ দেওয়া হয়েছে।

এই চলচ্চিত্রে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি টিভি সাক্ষাৎকার ছিল। যেখানে বলা হয়েছিল, আগামী দুই দশকের মধ্যে কেরল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে পরিণত হবে। কারণ কেরলের তরুণরা ইসলাম ধর্মগ্রহণে প্রভাবিত হচ্ছেন। এই পুরো সাক্ষাৎকারটিই চলচ্চিত্র থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিএফসি।
তবে এই ছবিটি নিয়ে সব থেকে বড় বিতর্ক গত নভেম্বরে প্রকাশিত টিজার নিয়ে। যেখানে শালিনী উন্নিকৃষ্ণান ওরফে ফাতিমা চরিত্র সেখানে বলে যে ৩২ হাজার মহিলাকে কেরল থেকে ইসলামিক স্টেট নিয়োগ করেছে। তাদের মধ্যে তিনিও একজন।
বর্তমান কেরলের বাম সরকার এবং বিরোধী কংগ্রেস ছবিটিকে রাজ্যে নিষিদ্ধ করার দাবি জানায়। এই হিন্দি ছবিটিকে সেখানে মুক্তি দেওয়ার বিরোধিতা করে তারা। সেখানে চলচ্চিত্র প্রদর্শকরা ভিন্ন যুক্তি দেন। তাঁরা বলেন, দর্শকরা শেষ পর্যন্ত ছবিটি ওটিটিতে দেখবে, তাই সেটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়াই ভাল।
অন্যদিকে, কেরলের মুসলিম ইয়ুথ লিগ রাজ্যের ৩২ হাজার মহিলাকে আইএস তাদের দলে নিয়োগ করেছে, বিষয়টি প্রমাণ করতে পারলে ১ কোটি টাকা পুরস্কার দেবে বলে ঘোষণা করেছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিতর্কিত এই অংশের ব্যাপারে সিবিএফসি অফিসিয়াল নথি চেয়েছে।












Click it and Unblock the Notifications