মেসির কলকাতা সফর বিতর্কে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন খোদ শুভশ্রী, পাল্টা কী অভিযোগ তাঁর?
লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার পর থেকে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবশেষে সেই ঘটনা প্রসঙ্গে নীরবতা ভাঙলেন তিনি। এর আগেই এই বিতর্কে তারকা স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। এমনকী তিনি আইনি পদক্ষেপও গ্রহণ করেছেন। এবার শুভশ্রীও মুখ খুললেন সেই বিতর্ক নিয়ে।
অভিনেত্রী শুভশ্রী জানিয়েছেন, তিনি মেসির সঙ্গে দেখা করার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। সেইমতো বাইপাসের পাশে একটি নির্দিষ্ট হোটেলে তিনি পৌঁছন। সেখানেই মেসির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ হয় এবং সেই সময় তাঁরা একসঙ্গে ছবি তোলেন।

শুভশ্রী বলেন, "আমি সেদিন যখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন মেসির পিআর টিম থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার অনুরোধ জানানো হয়। ওঁরাই জানান, মেসিকে ঘিরে নানা ব্যবস্থাপনা রয়েছে। আমি গেলে ওঁদের সুবিধা হবে।" বাংলা চলচ্চিত্র জগৎ থেকে কেন কেবল তাঁকেই আমন্ত্রণ জানানো হল এবং একজন শাসক দলের বিধায়কের স্ত্রী হওয়ায় তিনি কী বিশেষ সুবিধা পেয়েছেন, এমন হাজারো প্রশ্ন তুলে তাঁকে ট্রোল করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ট্রোলের সমস্ত প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছেন, "কেন আমাকে ডাকা হল, এই উত্তর ওদের পিআর টিম বেশি ভাল দিতে পারবে।" ওইদিন হোটেল থেকে বেরিয়ে শুভশ্রী যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত যান। তাঁর সহযোগী দলের কর্মীরা তখনই ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করার চেষ্টা করছিলেন, কিন্তু স্টেডিয়ামে জ্যামার থাকার কারণে সেই সময় ছবি আপলোড হয়নি বলে তিনি জানান।
শুভশ্রীর দাবি, এই সমগ্র পরিস্থিতির দায় আয়োজকদের। পরিস্থিতি অশান্ত হয়ে পড়লে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। শুভশ্রী নিজেই বলেছেন, "আমি নিজেও মাঠের পাশের তাঁবুতে বসে মেসিকে দেখতে পাচ্ছিলাম না। আপনারাই বা কী ভাবে দেখবেন? কিন্তু আমি কি মাঠে ছিলাম? আমি কি আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম? যে ভাবে আমাকে কটাক্ষ করা হচ্ছে, যেন আমি মেসির পাশে মাঠে দাঁড়িয়েছিলাম। আমার কী দোষ? হোটেলে গিয়ে ছবি তোলাটা কি আমার দোষ?"
শুভশ্রীর আরও অভিযোগ, গতকাল থেকে তাঁর সন্তানদের আক্রমণ করা শুরু হয়েছে। হুমকি দেওয়া হয়েছে, ছোট সন্তানদেরও মেরে ফেলা হবে। তিনি মা হিসাবে সেটা মেনে নেবেন না। আর সেই কারণেই এদিন নিজের ভিডিও করে নিজের বক্তব্য জানালেন টলিউড অভিনেত্রী।












Click it and Unblock the Notifications