পর্দায় ফিরছে প্রবীর-পোদ্দার জুটি? প্রসেনজিৎ ও অনির্বাণকে একসঙ্গে দেখতে মুখিয়ে দর্শক মহল
আবারও একসঙ্গে? অন্তত এমনটাই খবর শোনা যাচ্ছে টলি পাড়ায় কান পাতলেই। আর তাতেই মহা খুশি দর্শক মহল! একজন যদি হন ইন্ডাস্ট্রি, তবে অন্যজন এই মুহূর্তে গোটা বাংলার প্রাণের মানুষ। কথা হচ্ছে প্রসেনজিৎ ও অনির্বান ভট্টাচার্যকে নিয়ে। পুনরায় একই সিনেমায় দেখা যেতে চলেছে এই মেগাহিট জুটিকে।
সৃজিত মুখোপাধ্যায় নির্মিত ছবি 'দশম অবতার’এর জন্য জুটি বেঁধেছিলেন টলিপাড়ার দুই মহা তারকা। আর সেখানেই রীতিমত কাঁপিয়ে দিয়েছিল প্রবীর-পোদ্দার জুটি। গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল দশম অবতার। এবারেও কি মা দুর্গার আশীর্বাদে দুর্দান্ত পুজো আউটিংয়ের তোড়জোড় শুরু হয়ে গেল? সে কথা ভেবেই দর্শকের মনে এখন থেকে ঝড় উঠছে।

দশম অবতার না হলেও নয়া অবতারে ফের ফিরছেন প্রসেনজিৎ-অনির্বাণ। আরও একটি থ্রিলারের হাত ধরে ফের বড়পর্দায় ফিরছে সেই দুর্দান্ত জুটি। এবার তাঁদের নিয়ে সিনেমা বানাতে চলেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। দেব-রুক্মিণীকে নিয়ে কিশমিশ তৈরী করে দর্শকদের 'দিলখুশ' করেছিলেন রাহুল। কিন্তু এবার তাঁর সব চেনা চোখ ভেঙে এই প্রথম থ্রিলারধর্মী ছবি নিয়ে আসছেন পরিচালক। যার জন্য বেজায় উত্তেজিত পরিচালক।
তবে এখনও ঠিক হয়নি ছবির নাম। এমনকী ছবির বিষয়বস্তু সম্পর্কেও বিস্তারিত কিছুই জানা যায়নি। সিনেমায় প্রসেনজিৎ ও অনির্বাণ ভট্টাচার্যের ভূমিকা কেমন কী হতে চলেছে তাও খুব একটা স্পষ্ট নয়। জানা গিয়েছে ছবির প্রযোজনা করতে চলেছে এসভিএফ। অনির্বাণের সঙ্গে আবারও কাজ করার খবরে সিলমোহর দিয়েছেন খোদ প্রসেনজিৎ। সব ঠিক থাকলে চলতি জুলাই মাসের শেষের দিকেই এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখ নামী কলাকুশলীরা। এর আগে প্রাক্তন ছবিতে অপরাজিতা ও প্রসেনজিতের একত্রে কাজ দর্শকের বেশ পছন্দ হয়েছিল। মনে করা হচ্ছে এবছর পুজোয় ফের বড় পর্দা কাঁপাতে আসতে পারেন প্রসেনজিৎ ও অনির্বাণ। তবে ছবির রিলিজ ডেট এখনও কিছু ঠিক নেই।












Click it and Unblock the Notifications