জ্যোতি বসুর চরিত্রে পরেশ রাওয়াল নাকি বোমান ইরানি! নকশাল আন্দোলন নিয়ে আসন্ন ওয়েব সিরিজ ঘিরে তুঙ্গে জল্পনা
মুম্বইয়ের প্রেক্ষাপট ধরে যদি 'সেক্রেড গেমস' এসে তা দর্শকদের মন মাতিয়ে দিয়ে যেতে পারে, উত্তর প্রদেশের পট ভূমিকায় যদি 'মির্জাপুর' হতে পারে, তাহলে বাংলার পট ভূমিকায় হিন্দিতে বাংলার আন্দোলনের ইতিহাস কেন তুলে ধরা যাবে না? এক নামী পত্রিকার সাক্ষাৎকারে এই যুক্তি সামনে রেখেছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। এই পরিচালকের হাত ধরেই আসছে বাংলার নকশালবাড়ি আন্দোলন নিয়ে একটি ওয়েব সিরিজ। যা ইতিমধ্যেই লাইমলাইট কাড়তে শুরু করে দিয়েছে। মাল্টি স্টার কাস্টের এই ওয়েব সিরিজে কে কোন চরিত্রে রয়েছেন, তা নিয়ে যে সমস্ত তথ্য উঠে আসছে, তা দেখে নেওয়া যাক।

প্রথমবার স্ক্রিনে নওয়াজ-জয়া জুটি
পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে আসছে ১৯৬৭ সালে নকশালবাড়ি আন্দোলনের ইতিহাসের ওপর আধারিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা 'সাদা আমি কালো আমি' উপন্যাস অবলম্বনে নয়া ওয়েব সিরিজ। ছবিতে স্বাধীন ভাপতের প্রথম সশস্ত্র আন্দোলন নকশাল আন্দোলনকে তুলে ধরা হবে। বাংলার বুকে যে আন্দোলন কার্যত একটি যুগকে চিহ্নিত করেছে রাজনৈতিক বিভিন্ন আঙ্গিক থেকে। ছবিতে প্রথমবার বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। ছবিতে চারু মজুমদারের ভূমিকায় থাকছেন নওয়াজ ও জয়া থাকছেন তাঁর স্ত্রী লীলা মজুমদারের ভূমিকায়।

লেখকের ভূমিকায় কোন বাঙালি?
জানা গিয়েছে, গল্পের সূত্রধর অর্থাৎ লেখক পুলিশ কর্তা রুণু গুহ নিয়োগীর চরিত্রে থাকছেন রণিত রায়। এদিকে, পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। এখনও পর্যন্ত যা খবর তাতে, শ্বাশত চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হতে পারে, চারু মজুমদারের সঙ্গী কানু সান্যালের ভূমিকায়। উল্লেখ্য, একই ছবিতে নওয়াজ ও শাশ্বতকে 'কাহানি' তে দেখে কার্যত মন্ত্রমুগদ্ধ হয়েছে আপামর দর্শক। এবার তাঁদের কাছে সেই চমক ফিরিয়ে দেওয়ার পালা। যদিও একই স্ক্রিনে' কাহানি'তে দুই তারকাকে দেখেনি দর্শক। তবে এবার তার সুযোগ রয়েছে।
(প্রতীকী ছবি)

জ্যোতি বসুর চরিত্রাভিনেতাকে ঘিরে জল্পনা তুঙ্গে
বাংলার ৩৪ বছরের বাম আমলের অন্যতম জনপ্রিয় নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে রয়েছে জল্পনা। এক্ষেত্রে দুজনের নাম শোনা গিয়েছে। একজন পরেশ রাওয়াল অন্য়জন বোমান ইরানি। তবে এক নামী পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে কার্যত পরিচালক বুঝিয়ে দিয়েছেন যে তিনি পরেশ রাওয়ালকেই এই চরিত্রের জন্য এগিয়ে রাখছেন। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত বার্তা আসেনি পরিচালকের তরফে।

তিন পর্বের সিরিজে থাকছে ভরপুর চমক!
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে তিনটি পর্বের এই সিরিজে থাকছে বাংলার রাজনীতির বিভিন্ন পর্ব। প্রথম পর্বে ১৯৪৭ থেকে ১৯৭২ এর পর্ব দেখা যাবে, এরপর ১৯৭২ থেকে ১৯৯০ সালের পর্ব তারপর থাকবে বাংলার বর্তমান পরিস্থিতি। সেক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রগুলিও স্ক্রিনে ফুটিয়ে তোলা হবে বলে শোনা যাচ্ছে। জানা গিয়েছে সিরিজে চারু মজুমদারের কম বয়সের চরিত্রে থাকছেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications