টিভি সাক্ষাতকারে জাভেদ আখতারকে অপমান, কঙ্গনা রানাওয়াতকে সমন পাঠালো মুম্বই আদালত
টিভি সাক্ষাতকারে জাভেদ আখতারকে অপমান, কঙ্গনা রানাওয়াতকে সমন পাঠালো মুম্বই আদালত
মুম্বইয়ের অন্ধেরি আদালতের পক্ষ থেকে সোমবার সমন পাঠানো হল বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। গীতিকার জাভেদ আখতারের মানহানি মামলায় এই সমন পাঠানো হয়েছে। জানা গিয়েছে, জাতীয় টেলিভিশনে এক সাক্ষাতকারে কঙ্গনা জাভেদ আখতারের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছিলেন। ১ মার্চের আগে কঙ্গনাকে আদালতে উপস্থিত হতে হবে বলে জানা গিয়েছ।

অন্ধেরি আদালতের পক্ষ থেকে জুহু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে। বলিউড গীতিকার জাভেদ আখতার ও তাঁর আইনজীবী নিরাঞ্জন মুন্দারগির গত বছরের ডিসেম্বরে শুনানি শোনার পর আদালত জুহু পুলিশকে রিপোর্ট জমা দিতে বলেছিল ১৮ জানুয়ারির মধ্যে। সোমবার আদালতে রিপোর্ট জমা দেয় মুম্বই পুলিশ। সেই ভিত্তিতেই কঙ্গনার বিরুদ্ধে সমন জারি করল আদালত। আগামী ১ মার্চ পুলিশের সামনে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় কোনওরকম কারণ ছাড়াই অভিযোগকারীর (জাভেদ আখতার) নাম জড়িয়েছেন কঙ্গনা, বলা হয়েছে অভিযোগে। জাভেদ আখতার জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতেও কয়েক লক্ষ মানুষ ওই ভিডিও দেখেছেন এবং অনান্য সংবাদমাধ্যমও ওই ভিডিওর বক্তব্য নিয়ে খবর করেছে যা তাঁর জন্য অপমানজনক এবং ভারতীয় দণ্ডবিধি অনুসারে তা মানহানিকর। নিজের আইনজীবী নীরঞ্জন মুন্দারগির মারফত কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ নম্বর (মানহানি) ও ৫০০ নম্বর (মানহানির শাস্তি) ধারায় মামলা দায়ের করেন।
বলিউডে ঠোঁটকাটা অভিনেত্রী হিসাবেই পরিচিত কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছেন এবং বলিউডের একাধিক ব্যক্তিত্বকে কাঠগড়ায় তুলেছেন। শুধু জাভেদ আখতারই নন, অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে করণ জোহর, উর্মিলা মাতণ্ডকর, দিলজিত সিং সহ বহুজনকে কটাক্ষ করে পোস্ট করেছেন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি তিনি মহারাষ্ট্র সরকারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।












Click it and Unblock the Notifications