মীর–মাধবন এবার একসঙ্গে নেটফ্লিক্সে, প্রথমবার ওয়েব সিরিজে দেখা যাবে মীরকে
মীর–মাধবন এবার একসঙ্গে নেটফ্লিক্সে
ডিসেম্বরের শুরুতেই বড় ঘোষণা করে বসলেন মীর আফসার আলি। এই প্রথম ওয়েব প্ল্যাটফর্মে পা রেখেছেন মীর। খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে সেই ওয়েব সিরিজ। অভিনয়ের কথা ঘোষণার পাশাপাশি একটি নজর কাড়া ছবিও শেয়ার করেছেন মীর। যা দেখে সিরিজের প্রতি আরও আগ্রহ জন্মেছে দর্শকদের।
ওয়েব সিরিজে প্রথমবার মীর
নেটফ্লিক্সের ওয়েব সিরিজে মীরকে অভিনয় করতে দেখা যাবে। তাও আবার আর মাধবনের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তারকার সঙ্গে সেই ছবি পোস্ট করে মীর জানিয়েছেন সেই কথা। বহুমুখী প্রতিভার অধিকারী মীর। আর তাঁর গুণ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রশ্ন তোলেননি তুমুল সমালোচকরাও। রেডিওতে যাঁর গলা শুনে ঘুম ভাঙে কলকাতাবাসীর বা সানডে সানপেন্সে যাঁর গলা শুনলে রোম্যাঞ্চিত অনুভব হয়, সেই মীরই এবার ওয়েব সিরিজে নাম লেখালেন।

১৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ
১৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ 'ডিকাপলড'। শুটিংয়ের ফাঁকে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন মীর। একটি চেয়ার বসে জনপ্রিয় অভিনেতা আর মাধবন। তাঁর পিছনে দাঁড়িয়ে মীর। দুজনের মুখেই খুশির রেশ। জমকালো ছবির ক্যাপশনে মীর লিখেছেন, 'আগে কখনও কোনও প্ল্যাটফর্মের জন্য ওয়েব সিরিজে কাজ করিনি। তারপর এল সমস্যায় জর্জরিত ২০২০ সাল। আর তার সঙ্গে একটা বিশ্বাস। নিজের জন্য আরও ভাল কিছু করার প্রতিজ্ঞা। প্রযোজক বিক্রমাদিত্য মোটওয়ানে এবং পরিচালক হার্দিক মেহতার সঙ্গে নেটফ্লিক্সের ওয়েব সিরিজে কাজ করে খুব ভাল লেগেছে। সিরিজের নাম ডিকাপলড। অভিনয়ে আর মাধবন ও সুরভিন চাওলা। ১৭ ডিসেম্বর মুক্তি পাবে। আপনাদের শুভেচ্ছার জন্য অগ্রিম ধন্যবাদ।'
ডিকাপলড–এর গল্প
এক বিবাহিত দম্পতি সম্পর্কের তিক্ততা থেকে শুরু করে তাঁদের পুনরায় একে-অপরের প্রেমে পড়ার কাহিনী নিয়েই তৈরি ওয়েব সিরিজ 'ডিকাপলড'। আর মাধবনের বিপরীতে রয়েছেন সুরভিন চাওলা। ইতিমধ্যেই এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। তবে বুধবার সিরিজের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়ে দিয়েছেন মীর। চলতি মাসে এটি তাঁর বড় ঘোষণা বলে জানিয়েছেন মীর।
মীর–স্বস্তিকা একসঙ্গে
এর আগে পরিচালক অভিজিৎ দাসের প্রথম সিনেমা 'বিজয়ার পরে' ছবিতে অভিনয়ের কথা ঘোষণা করেছিলেন মীর। প্রায় চার বছর পর স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। মীর-স্বস্তিকা ছাড়াও ছবির অন্যতম আকর্ষণ দীপঙ্কর দে ও মমতা শংকর জুটি। সিনেমা, সিরিজ নিয়ে আপাতত জমজমাট মীরের অভিনয়ের জীবন। উচ্ছ্বসিত ভক্তরাও। নেটফ্লিক্সের সিরিজের কথা ঘোষণার পরে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications