পুরুলিয়ার মেয়ের ভেনিস জয়! অনুপর্ণা ইতিহাস গড়তেই অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতার
পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায় ইতিহাস গড়লেন। তাঁর ছবি সংস অব ফরগটন ট্রিজ-এর জন্য তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের শিরোপা জিতে নিলেন।
এই ছবির মূল ভিত্তি পুরুলিয়ারই মনপুরা গ্রামের একটি স্কুলে অনুপর্ণার এক বন্ধুর অনুপ্রেরণায়। ১৮টি ছবিকে পিছনে ফেলে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্তি বিভাগে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে অনুপর্ণার ছবি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, "আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।
অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়। এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনও ভারতীয় পরিচালক পাননি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়।
আমি প্রার্থনা করব, অনুপর্ণা অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরো উজ্জ্বল করুন।"
পুরুলিয়ার নিতুড়িয়ার কাছে নারায়ণপুরে এক সময় থাকতেন অনুপর্ণা। এলাকায় পরিচিত মাম্পি নামে। রানিপুর হাইস্কুলের ছাত্রী অনুপর্ণার মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় তাঁকে উচ্চ মাধ্যমিকের আগে পড়াশোনার জন্য পাঠানো হয়েছিল মামার বাড়িতে। মামা নীললোহিত সিং ইংরেজির শিক্ষক। তাঁর কাছে শিক্ষালাভেই বদলে যেতে থাকে অনুপর্ণার কেরিয়ার। পরিবারের তরফে জানা গিয়েছে, দুটি কর্পোরেট কোম্পানির চাকরি ছেড়ে তিনি ছবি তৈরির কাজে মন দেন। পুরুলিয়ার পুঞ্চার নপাড়ায় ২০২১ সালে প্রথম শ্যুটিং শুরু করেন অনুপর্ণা। ২০২৩ সালে মুক্তি পায় রান টু দ্য রিভার।












Click it and Unblock the Notifications