Saif Ali Khan: “হামলার নামে নাটক!” সইফ আলি খান কাণ্ডে বিস্ফোরক দাবি মহারাষ্ট্রের নেতা-মন্ত্রীদের
Saif Ali Khan Attack: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় শিউরে উঠেছেন অনেকেই। অথচ গোটাটাই নাকি নাটক বলে দাবি মহারাষ্ট্রের বেশকিছু রাজনৈতিক নেতাদের (Politicians)। সইফের বাড়ি ফেরার সময় তাঁকে লাফাতে ও হাঁটতে দেখা গিয়েছে বলে প্রথমে হামলার ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেন শিবসেনার সঞ্জয় নিরুপম। আর এবার বিস্ফোরক দাবি মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানের (Nitesh Rane)।
সইফ আলি খান নাটক করছিলেন বলে প্রশ্ন উসকে দিলেন মন্ত্রী। পিম্পড়ি চিঁচওয়াড়ে এক সভায় রানে বলেন, "হাসপাতাল থেকে যখন সইফ আলি খানকে ছাড়া হল, তখনই সন্দেহ হয়েছিল যে ওঁকে সত্যিই ছুরির কোপ মারা হয়েছে নাকি নাটক করছেন। খান বলেই সবার এত মাতামাতি। অথচ সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতারা মারা গেলে কেউ টুঁ শব্দটি পর্যন্ত করেন না।"

থেমে থাকেনি রাজনৈতিক চাপানউতোরও। এদিন বরামতীর সাংসদ তথা এনসিপির শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলেকেও একহাত নেন নীতেশ রানে। তিনি বলেন, "সইফ আলি খান বা শাহরুখ খানের ছেলে, কিংবা এনসিপির নবাব মালিক, সুপ্রিয়া সুলে এঁদের নিয়ে চিন্তিত। কিন্তু কখনও শুনেছেন, হিন্দু শিল্পীদের নিয়ে সুপ্রিয়া সুলে উদ্বেগ প্রকাশ করছেন।"
এদিকে, প্রাথমিকভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সইফ। মঙ্গলবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তিনি। কিন্তু সেখানেও চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকবেন তিনি। ইতিমধ্যেই মুম্বই পুলিশের তরফে তাঁকে নিরাপত্তা দেওয়া হয়েছে। হামলাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দ্বিস্তরীয় নিরাপত্তা দেওয়া হবে তাঁকে। অভিনেতার সঙ্গে সবসময় একজন পুলিশ কনস্টেবল থাকবেন বলে জানিয়েছেন মুম্বই পুলিশের এক শীর্ষ আধিকারিক।
এদিকে সইফ আলি খানের উপর হামলাকারী শরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সমস্যার সম্মুখীন খোদ পুলিশ। সূত্রের খবর, শরিফুলের বাংলাদেশি বাচনভঙ্গি বুঝতে অসুবিধা হচ্ছে পুলিশের। প্রশ্নের সঠিক উত্তরও দিতে পারছে না সে।
যার জেরে শরিফুলের বয়ানের পাঠোদ্ধার করতে পদে পদে হোঁচট খাচ্ছে মুম্বই পুলিশ। শরিফুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, ভাষা বুঝতে তাঁকে ধীরে ধীরে বয়ান দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ আধিকারিকরা।












Click it and Unblock the Notifications