জিতের ‘বুমেরাং’ ট্রেলারে নজর কাড়লেন রুক্মিণী! ছবিরে নেপথ্যে লুকিয়ে কোন কাহিনী? জানালেন পরিচালক
প্রকাশ্যে এল জিৎ-রুক্মিণী অভিনীত ছবি 'বুমেরাং'-এর ট্রেলার। শুক্রবার সকালে স্টার থিয়েটারে হয়ে গেল এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জিৎ, রুক্মিণী, অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, লোকসঙ্গীত শিল্পী কার্তিক দাস বাউল, ঝুলন ভট্টাচার্য সহ অরও অনেকে।
ছবির কলাকুশলীদের পাশাপাশি এদিন 'বুমেরাং'-এ ট্রেলার লঞ্চে এসেছিলেন অভিনেতা জিতের অগণিত ভক্ত। এদিন সকাল থেকেই গুরুকে দেখার অপেক্ষায় স্টার থিয়েটারের সামনে ভিড় জমান জিৎ ভক্তরা।

'বুমেরাং'-এর পোস্টারে জিতের ছবিতে মালা পড়ান ভক্তরা। এদিন 'বুমেরাং'-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই জিৎ ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস নজরে আসে। গমগম করে স্টারের হল!
সৌভিক কুণ্ডু পরিচালিত 'বুমেরাং' ছবিটি একটি সায়েন্স ফিকশন কমেডি। যার কিছু ঝলক ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। এই ছবির মাধ্যমে প্রযুক্তির উন্নয়নকে বাঙালির সামনে আরও বেশি করে তুলে ধরতে চেয়েছেন টলিউডের বস। ছবিতে সমর সেনের চরিত্রে অভিনয় করেছেন জিৎ।ট্রেলার জুড়ে জিতের ক্যারিশ্মার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টেক্কা দিয়েছেন রুক্মিণী। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, সৌরভ দাস, ঝুলন ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য সহ আরও অনেকে।
এই ছবিটির ভাবনার নেপথ্যে রয়েছে আবির চট্টোপাধ্যায়ের ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মঞ্চস্থ নাটক 'পুনরায় রুবি রায়'। বাংলার রঙ্গমঞ্চে প্রথম রোবো-কমেডি নাটকের তকমা পায় এই নাটক। এই নাটক দেখার পরই ছবি করার ভাবনা মাথায় আসে বুমেরাংয়ের পরিচালক সৌভিক কুণ্ডুর। এরপরই জন্ম হয় বুমেরাংয়ের। এদিন ট্রেলার লঞ্চে এসে এমনটাই জানালেন এই ছবির পরিচালক সৌভিক কুণ্ডু।
স্বামী-স্ত্রীর মধ্যে রোবোটের আগমন! স্ত্রী ইশা আর রোবোট নিশার মাঝখানে বেহাল দশা সমরের। এই বুমেরাং পরিস্থিতি কীভাবে সামাল দেবেন তিনি? এর উত্তর মিলবে আগামী ৭ জুন প্রেক্ষাগৃহে বুমেরাং মুক্তি পাওয়ার পর।












Click it and Unblock the Notifications