Saif Ali Khan: অবশেষে মুম্বই পুলিশের জালে সইফের ওপর হামলাকারী মূল সন্দেহভাজন
অবশেষে মুম্বই পুলিশের হাতে আটক প্রধান সন্দেহভাজন। চলছে জিজ্ঞাসাবাদ। বুধবার মাঝরাতে নিজের বাড়িতেই ছুরিকাঘাতে আহত অভিনেতা সইফ আলি খান। বৃহস্পতিবার সকালে গুরুতর জখম অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। এরপর তাঁর সার্জারি হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা যায়।
এই ঘটনার পর কেটে গিয়েছে গোটা একটা দিন। প্রথমে সিসিটিভি ফুটেজে কোনও ব্যক্তিকে দেখতে না পাওয়া গেলেও পরে একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে স্পষ্ট এক ব্যক্তিকে সিঁড়ি দিয়ে নামতে দেখা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তিই আসল হামলাকারী।

শুক্রবার অবশেষে এক সন্দেহভাজনকে আটক করে মুম্বই পুলিশ। তবে, ওই সন্দেহভাজন ব্যক্তিই আসল হামলাকারী কিনা তা জানতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশের ২০ জন সদস্যের একটি দল। বান্দ্রা থানায় চলছে জিজ্ঞাসাবাদ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে বান্দ্রা থানার আশপাশেই ঘোরাফেরা করছিল সন্দেহভাজন সেই ব্যক্তি। তবে এখনও পর্যন্ত মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি। যাকে আটক করা হয়েছে, সেই ব্যক্তিই মূল অভিযুক্ত কি না, তা নিয়ে চলছে তদন্ত।
সইফ আলি খান থাকেন মুম্বইয়ের বান্দ্রার একটি বিলাসবহুল বহুতলের ১২ তলায়। সেখানেই, বুধবার রাতে হামলা চালায় এক দুষ্কৃতী। মাঝরাতে বাড়ির ভিতর প্রবেশ করে ওই দুষ্কৃতী। এরপর পরিচারিকার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সে। আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে পড়েন সইফ আলি খান। এরপরই অভিনেতার শরীরে ছয়বার এলোপাথাড়ি ছুরির কোপ মেরে পালায় ওই দুষ্কৃতী। এত নিরাপত্তার ব্যবস্থার মধ্যেও কীভাবে হামলাকারী বাড়ির ভিতরে প্রবেশ করতে সক্ষম হলো, তা জানতে ইতিমধ্যেই মুম্বই পুলিশ তদন্ত শুরু করেছে।
ধৃত সন্দেহভাজন ব্যক্তির পাশাপাশি অভিনেতার বাড়ির পরিচারক, লিফটম্যান ও এক নিরাপত্তারক্ষী সমেত তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। বর্তমানে আসল হামলাকারীকে খুঁজে বের করতে মরিয়া মুম্বই পুলিশ।












Click it and Unblock the Notifications