KIFF: রাখি, ভাইফোঁটায় এবার আসতে হবে সলমনকে, কেআইএফএফ- এর মঞ্চে মমতাকে কথা দিলেন টাইগার
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য মেজাজে। হাসলেন, গাইলেন, মঞ্চে শিল্পীদের সঙ্গে তাঁকে নাচতে দেখা গেল। সলমন খানকে ভাইজান বলে সম্বোধন করলেন। শুধু তাই নয়, ভাইফোঁটা, রাখি উৎসবে সলমনকে এরপর আসতে হবে। একথাও প্রতিশ্রুতি নিয়ে ফেললেন।
প্রতিবারের মতো এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ছিল চাঁদের হাট। সলমন খান, মহেশ ভাট, অনিল কাপুর,শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা উপস্থিত ছিলেন। এবার শাহরুখ খান, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন উপস্থিত থাকতে পারেননি। বাংলা সিনেমা জগত থেকে উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রায়, অঞ্জন দত্ত সহ অন্যান্যরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই বক্তব্য রাখেন। বাংলা চলচ্চিত্র জগতে বহু গুণী শিল্পী পরিচালক অভিনেতা অভিনেত্রী রয়েছেন। বাংলা সিনেমাকে আরও প্রোমোট করতে হবে। একতার কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। "বাংলা ভীত নয়। উই লাভ ইন্ডিয়া। আমরা সমস্ত জাতিকে ভালোবাসি। কেউ আমাদের ভাগ করতে পারবে না। আমরা মানবিকতার পক্ষে।' এই কথাই বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
শাহরুখ খান কেন এবার এলেন না? সেই প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী নিজেই তার কারণ ব্যাখ্যা করেছেন। শাহরুখ খানের মেয়ে সুহানার প্রথম ছবি প্রকাশ হচ্ছে। সে কারণে শাহরুখ অত্যন্ত ব্যস্ত। কলকাতা চলচ্চিত্র উৎসবে তাই এবার তিনি আসতে পারলেন না। মুখ্যমন্ত্রী বলেন, " এই বছর শাহরুখ, অমিতাভজি, জয়াজি উপস্থিত থাকতে পারেনি। অমিতাভজির শরীর ঠিক নেই। শাহরুখ মেয়ের ছবির প্রচারে ব্যস্ত। আগামী দিনে তাঁরা আবার আসবেন।"
উৎসব শুরুর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন অত্যন্ত প্রাণ চঞ্চল দেখতে পাওয়া গিয়েছে। সোনাক্ষী সিনহা ও অন্যান্য শিল্পীদের সঙ্গে মঞ্চে তিনি পা মিলিয়েছেন। সুপারস্টার সালমান খানকে তিনি ভাইজান বলে ডেকেছেন। শুধু তাই নয়, এরপর থেকে প্রতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সলমন খানকে আসতে হবে। এ কথাও বলেন তিনি। এছাড়াও ভাইফোঁটা ও রাখি উৎসবে ভাইজানকে আসতে হবে কলকাতায়। এই প্রতিশ্রুতিও নিয়েছেন দিদি।












Click it and Unblock the Notifications