Saif Ali Khan Stabbed: সইফ আলি খানকে ছুরির কোপ, সাতসকালে বাড়িতে দুষ্কৃতী; রক্তাক্ত হয়ে হাসপাতালে তারকা
Saif Ali Khan Stabbed: বলি তারকা সইফ আলি খানের উপর ছুরি (Knife attack) নিয়ে হামলা। বৃহস্পতিবার সাতসকালে বান্দ্রায় নিজের বাড়িতেই আক্রান্ত সইফ। ছয়বার ছুরির কোপ মারা হয় অভিনেতাকে। সূত্রের খবর, সকালে অভিযুক্ত ওই ব্যক্তি তার বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা (Robbery Attempt) করে। পরিচারিকার সঙ্গে তর্কাতর্কিতে জড়ায়। অভিযুক্তকে বাধা দেওয়ার চেষ্টা করলে তারকার উপর ছুরি চালানো হয়।
মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন তারকা। দুটি গভীর ক্ষত রয়েছে শরীরে। আঘাত এতটাই যে সার্জারির (Surgery) প্রয়োজন হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় অভিযুক্তের গ্রেফতারি নিশ্চিত করতে তদন্ত জারি করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। এনিয়ে বিবৃতিও জারি করেছে তারা। সইফ আলি খানের বাড়িতে বুধবার গভীর রাতে ঢুকে পরিচারিকার সঙ্গে ওই অভিযুক্ত বচসায় জড়ায় বলে জানিয়েছে পুলিশ।

ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালে সইফকে ভর্তি করা হয়। সার্জারি হলেও আপাতত বিপন্মুক্ত রয়েছেন অভিনেতা। চিকিৎসকরা জানিয়েছেন, এলোপাথাড়ি ছুরির কোপে তারকার শিরদাঁড়ার কাছে গভীর ক্ষত হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই আততায়ী ও সইফের মধ্যে রীতিমতো মারপিট হচ্ছিল। ঘটনার সময় তারকার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন ঘরে। স্ত্রী করিনা কপূর ও দুই সন্তান তৈমূর ও জেহ সেসময় ঘরেই ছিলেন বলে সূত্রের খবর।
সইফ আলি খানের টিমের তরফে বিবৃতি জারি করে সকলকে ধৈর্য রাখতে আহ্বান জানানো হয়েছে। সইফ আলি খানের বাড়িতে ওই অভিযুক্তের ডাকাতির পরিকল্পনা ছিল বলে অভিনেতার টিমের তরফে জানানো হয়েছে। পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। অভিনেতার অনুরাগীদের শান্ত থাকতে অনুরোধ সইফের টিমের। তদন্ত নিয়ে আশ্বস্ত করেছেন ডিসিপি দীক্ষিত গেদম। এদিকে সইফের অবস্থা নিয়ে বিবৃতি জারি করেছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালও।
নিউরোসার্জেন নীতিন দাঙ্গে,কসমেটিক সার্জেন লীনা জৈন ও অ্যানেস্থোলজিস্ট নিশা গান্ধীর নেতৃত্বে গঠিত চিকিৎসকদের টিম সইফের চিকিৎসা করছেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, দেহে ছয়টি আঘাতের চিহ্ন মিলেছে। ২টি ক্ষত গভীর রয়েছে।
শিরদাঁড়ার একেবারে কাছে একটি গভীর ক্ষত মিলেছে বলে জানান চিকিৎসক উত্তামানি। এর আগে অভিনেতার বান্দ্রার বাড়ির বাইরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য মোটরবাইকে চড়ে এসে গুলি চালিয়েছিল। তার ২ মাসের মাথায় দুষ্কৃতী হামলায় জখম হলেন সইফ।












Click it and Unblock the Notifications