এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের সঙ্গে দুটি সিনেমায় সই আফরান নিশোর!
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের বড়পর্দায় ফিরছেন আফরান নিশো। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের দুটি ছবিতে সই করলেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেতা আফরান নিশো। বছরখানেক আগে বড় পর্দায় অভিষেক ঘটেছে তারকা অভিনেতা আফরান নিশোর। গত বছর ইদ-উল-আদহায় মুক্তি পেয়েছিল আফরান নিশো অভিনীত ছবি 'সুড়ঙ্গ'।
এই ছবিতে আফরান নিশোর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। এরপর থেকেই তাঁকে ঘিরে সিনেমার পরিচালকদের আগ্রহ বাড়তে থাকে। তবে 'সুড়ঙ্গ'-এর পর কোনও সিনেমায় দেখা যায়নি নিশোকে। কিন্তু কী করছেন নিশো? সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন নিশোর অনুরাগীরা। অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা।

ভারতীয় প্রযোজনা সংস্থা এসভিএফ ও বাংলাদেশের আলফা-আই এন্টারটেইনমেন্ট এবার যৌথভাবে কাজ করতে চলেছে। সেখানেই আগমন ঘটতে চলেছে আফরান নিশোর। সম্প্রতি এই এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের সঙ্গে দুটি চলচ্চিত্রের চুক্তি স্বাক্ষর করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
জানা যায়, দুই সিনেমার মূল চরিত্রে থাকছেন নিশো। তবে ছবির নাম, ছবিটি কে পরিচালনা করছেন, তা এখনও প্রকাশ করেনি প্রযোজনা সংস্থাটি।
ফের পর্দায় ফেরার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা আফরান নিশো। এ প্রসঙ্গে তিনি বলেন, 'যেকোনও সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য অবশ্যই সময় খুবই প্রয়োজন। আর সিনেমার গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সব ক্ষেত্রে সঠিক সমন্বয়। এই সমন্বয় যত ভালো হবে, সিনেমাও তত ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এ জন্য অবশ্যই সময় দিতে হবে। মাঝে মধ্যে হারিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। আবার এই হারিয়ে যাওয়ার অর্থ হারিয়ে যাওয়া নয়। এই হারিয়ে থাকা হচ্ছে সমন্বয়, তৈরি হওয়া। হারিয়ে থাকা তো নিখোঁজ সংবাদের আভাস দেয়, আবার খুঁজে পাওয়ার আগ্রহও সৃষ্টি করে। আর আমি অনেক নিখোঁজের মাঝে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের খোঁজ পেয়েছি। যাঁরা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তাঁরা আমাকে এবং আমি তাঁদেরকে খুঁজে পেয়েছি। এতে আমি খুবই আনন্দিত।'












Click it and Unblock the Notifications